নদীতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষী নোয়াগ্রাম বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলায় গত এক মাসে নবগঙ্গা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষী নোয়াগ্রাম বাজার। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নড়াইলের কালিয়া উপজেলায় গত এক মাসে নবগঙ্গা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষী নোয়াগ্রাম বাজার। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নড়াইলের কালিয়া উপজেলার শত বছরের পুরোনো নোয়াগ্রাম বাজারটি নবগঙ্গা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীতে ৩০০ ফুট বাঁধ দিলে বাজারটি রক্ষা পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্রোতে গত এক মাসে ১৫টি দোকান ও কয়েকটি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরও ২০টি দোকান, মসজিদ, নোয়াগ্রাম নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভবন ও খেলার মাঠ।
স্থানীয় সূত্রে জানা যায়, নবগঙ্গা নদীটি লোহাগড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালিয়া উপজেলার বড়দিয়া নৌবন্দর হয়ে খুলনার ভৈরব নদের সঙ্গে যুক্ত হয়েছে। একসময় এই নদীতে লঞ্চ, স্টিমারসহ বড় বড় জাহাজ চলাচল করায় তীরে জনবসতি গড়ে ওঠে। একই সঙ্গে বসে একাধিক হাট-বাজার। নোয়াগ্রাম বাজার তার একটি।
গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, বাজারের একটা অংশে দোকান নদীতে বিলীন হয়ে গেছে। জোয়ারের সময় বাজারে হাঁটুপানি হচ্ছে। বাজারের ব্যবসায়ী শমসের আলী বলেন, ইদ্রিস মোল্যা, রহিম শেখ, আলীম মোল্যা, হারুন মোল্যার দোকানসহ ১৫টি দোকান নদীতে বিলীন হয়েছে। আরও ১৫ থেকে ২০টি দোকান ঝুঁকির মধ্যে আছে।
নোয়াগ্রাম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম বলেন, ২০০৮ সালে প্রথম আলো ট্রাস্টের তহবিল থেকে প্রায় এক লাখ টাকা অনুদানে বিদ্যালয়টি সংস্কার করা হয়। এখন খেলার মাঠের বেশির ভাগ অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় ভবনটিও যাওয়ার পথে। ভাঙন রোধ করা না গেলে বিদ্যালয় ভবনটিও নদীতে চলে যাবে।
নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনার রশীদ বলেন, ৩০০ ফুট নদীতীর বাঁধ দেওয়া গেলে ভাঙনের হাত থেকে বাজার, বিদ্যালয়, মসজিদ-মন্দিরসহ একমাত্র খেলার মাঠটি রক্ষা পেত। এ জন্য জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নোয়াগ্রাম নদীতীর সংরক্ষণের জন্য নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু করা যাবে।