নদীতে বিলীনের পথে ছাত্রাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় লাচ্ছি নদী ভাঙতে ভাঙতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রাবাসের একেবারে দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে l ছবি: প্রথম আলো
ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় লাচ্ছি নদী ভাঙতে ভাঙতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রাবাসের একেবারে দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া লাচ্ছি নদীটির ভাঙনে ধীরে ধীরে বিলীন হতে বসেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একমাত্র ছাত্রাবাস। পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত এ নদীর ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ থেকে ১৬ বছরে ছাত্রাবাসের পূর্বাংশের বিশাল এলাকা বিলীন হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে ছাত্রাবাসটিও আর বাঁচানো সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ছাত্রাবাসের পূর্বাংশের জায়গা ভাঙতে ভাঙতে ভেতরের দিকে প্রায় ৪০ থেকে ৪২ ফুট এগিয়ে এসেছে নদী। ছাত্রাবাস ও শৌচাগার-সংলগ্ন পাড় ভেঙে নদীতে চলে গেছে অনেক আগেই। আর আট থেকে নয় ফুট ভাঙলেই নদীতে চলে যাবে শৌচাগার ও রান্নাঘর।
কলেজের প্রাক্তন ছাত্র কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘কলেজজীবনে ছাত্রাবাসের পূর্ব পাশের নদীতীরের মাঠে বসে আমরা আড্ডা দিতাম। এখন ওই জায়গায় নদী দেখে বুকটা কেমন খালি হয়ে যায়। ১৫ থেকে ১৬ বছর আগেই ভাঙনরোধে একটা ব্যবস্থা নেওয়া হলে এত ব্যাপক জায়গা নদীতে বিলীন হতো না।’
আরেক প্রাক্তন ছাত্র উমের আলী জানান, নদীটি ১৬ থেকে ১৭ বছর আগে হোস্টেলের রান্নাঘরের ৫০ থেকে ৬০ ফুট দূরে ছিল। এখন আট থেকে নয় ফুট দূরে। প্রতি বর্ষায় ছাত্রাবাসের মাটি ভাঙছেই।
কলেজের সহযোগী অধ্যাপক বদরুল হুদা বলেন, ভাঙনের কবল থেকে ছাত্রাবাসটি রক্ষার আশায় তহবিল সৃষ্টি করে সে টাকায় কলেজ কর্তৃপক্ষ ২০০৬ সালে ভাঙনস্থলে ইটের টুকরো ও খোয়া ফেলেছিল। এরপর ২০১১ ও ২০১২ সালে সেখানে বালুর বস্তা ও বাঁশের বেড়া দিয়ে ভাঙনরোধের চেষ্টা হয়। কিন্তু বর্ষায় নদীর পানির তোড়ে ইটের খোয়া, বালুর বস্তা সবই ভেসে গেছে। বর্ষার পরে আর এসবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক একরামুল হক বলেন, টাকার অভাবে কলেজের পক্ষ থেকে ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হচ্ছে না। ৩৫ বছরের পুরোনো এ ছাত্রাবাসটি রক্ষায় সরকারি সাহায্যই একমাত্র ভরসা।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মহসিন উল বারী বলেন, ‘ছাত্রাবাসে ৪৫টি আসন আছে। কলেজে ছয়টি বিষয়ে সম্মান কোর্স চালুর পর থেকে ছাত্রাবাসে থাকার জন্য শিক্ষার্থীদের চাপ বেড়েছে। এ অবস্থায় ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণের আবশ্যকতা দেখা দিচ্ছে। কিন্তু ভাঙনের কারণে ছাত্রাবাসের অনেক জায়গা নদীতে চলে যাওয়ায় ভবন নির্মাণে জায়গার সংকট দেখা দিতে পারে বলে আমার আশঙ্কা।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোসলেম বলেন, ‘নদীভাঙন থেকে হোস্টেলটি রক্ষা করতে গাইড বাঁধ নির্মাণের বিকল্প নেই। এ জন্য মোটা অঙ্কের বরাদ্দ প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যকে ভাঙনের জায়গাটা দেখিয়েছি। চার বছর আগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন এসে ভাঙনের চিত্র ভিডিও করে নিয়ে গেছেন। কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি।’