নদীতে বিষ ঢেলে মাছ নিধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের শুকনাছড়া নদীতে গতকাল শুক্রবার বিষ ঢেলে মাছ মেরে তা ধরার সময় এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁরা হলেন কর্মধার বুধপাশা গ্রামের ফজলু মিয়া (৩০) ও দীঘলকান্দি গ্রামের কয়ছর আলী (২২)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ নিধনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা নদীতে বিষ ঢালে। এতে বিষে আক্রান্ত বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা আধমরা হয়ে নদীতে ভেসে ওঠে। গতকাল শুক্রবার ভোরে ১০-১২ জন লোক জাল টেনে এসব মাছ ধরছিল। এ সময় এলাকাবাসী ধাওয়া করে জালসহ ফজলু ও কয়ছরকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক দুই ব্যক্তিকে তাদের কাছে সোপর্দ করেন।কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সহিদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তরা লুকিয়ে নদীতে বিষ ঢেলে মাছ নিধন করে আসছিল। কিন্তু সাক্ষ্য-প্রমাণের অভাবে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এলাকার লোকজন একটি ভালো কাজ করেছেন।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।