নদীতে বেড়া দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় বারানই নদে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবাধে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার বিরুদ্ধে। প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নয় ইঞ্চির চেয়ে ছোট কয়েকটি জাতের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা করা হচ্ছে না। এ কারণে বিপাকে পড়েছেন সাধারণ জেলেরা।সরেজমিনে দেখা যায়, নদীতে বাঁশের বেড়া দিয়ে একধরনের জাল তৈরি করা হয়েছে। এই জালে আটকা পড়ছে সব ধরনের মাছ। বেড়া নির্মাণকারী সাধারণ শ্রমিকেরা জানান, বর্ষার শুরুতে তাঁরা বেড়া দিয়ে জাল বসিয়ে মাছ ধরছেন। প্রতিদিন এসব জালে আটকা পড়ছে প্রায় ১০০ মণ মা ও পোনা মাছ। এসব বেড়ার কারণে নৌকা চলাচলও বিঘ্নিত হচ্ছে। আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেনসহ দলের কয়েকজন নেতা এই ঘটনায় জড়িত বলে জেলেরা জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, বারানই নদে আচিনঘাট থেকে তাহেরপুর পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকার আটটি স্থানে বেড়া নির্মাণ করা হয়েছে। তবে বিশেষ ধরনের জাল বসানো হয়েছে বাঙ্গালপাড়া, কামারখালী ও মাদারীগঞ্জে।বাঙ্গালপাড়ায় নদীতে বেড়া দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত কান্দু জানান, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা এই বেড়া দেওয়ার সঙ্গে জড়িত। তবে তিনি তাঁদের নাম প্রকাশ করতে চাননি।কামারখালীর নিয়ন্ত্রণকারী রামরামা গ্রামের হাবিব উদ্দিনও একই কথা বলেন। তিনি জানান, তাহেরপুর পৌর এলাকার আওয়ামী লীগের নেতারা এর সঙ্গে জড়িত। এভাবে মাছ ধরা অপরাধ জানার পরও কেন তা বন্ধ করছেন না, এমন প্রশ্ন করলে তাঁরা বলেন, ‘আপনারা লেখেন, আমরা বন্ধ করব।’উপজেলা মৎস্য কর্মকর্তা খালিকুজ্জামান জানান, এভাবে মাছ ধরা ঠিক নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, এসব বেড়া উচ্ছেদ ও বেড়ার নেপথ্যের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বোয়ালকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন বলেন, ‘আমি জড়িত নই। এখানে পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত।’