নদীতে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বারানই ও ফকিরণী নদীর আটটি স্থানে বাঁশের বেড়া নির্মাণ করে অবৈধ সোতি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অবৈধ সোতি জালে পোনা ও মা মাছসহ সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ছে। বিপাকে পড়েছেন দরিদ্র জেলেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছোট মাছ ধরা নিষিদ্ধ হলেও চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই প্রভাবশালী ব্যক্তিরা নদীতে বাঁশের বেড়া নির্মাণ করে সোতি জাল দিয়ে মাছ শিকার করে আসছেন।
প্রতিদিন এসব জালে ১০০ থেকে ১৫০ মণ মা ও পোনা মাছসহ সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটক পড়ছে। বারানই পশ্চিমাংশ মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, নদীর সব মাছ চলে যাচ্ছে প্রভাবশালীদের জালে। ফলে দরিদ্র জেলেরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে দেখা গেছে, বারানই ও ফকিরণী নদীতে কামারখালী, হাসনিপুর, ও কালীকাপুর এলাকায় চারটি বেড়া নির্মাণ করে সোতি জাল বসানো হয়েছে। আরও চারটি স্থানে নির্মাণ করা হয়েছে বাঁশের বেড়া। তবে সেখানে সোতি জাল না দিয়ে অন্য পদ্ধতিতে মাছ শিকার করা হচ্ছে।
এলাকাবাসী জানান, কালীকাপুরে ফকিরণী নদীতে বেড়া দিয়ে মাছ ধরছেন আত্রাই উপজেলার কালীকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাবিদার তজিবর রহমান। এর আধা কিলোমিটার দূরে বেড়া দিয়েছেন মমতাজ নামের এক ব্যক্তি। হাসনিপুরে বেড়া নির্মাণ করে মাছ ধরছেন মন্টু হাওলাদার। মন্টু বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে এভাবে মাছ ধরছেন তিনি।
কামারখালীতে বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয় রামরামা গ্রামের হাবিবুর রহমান। তিনি বলেন, গোয়ালকান্দি ও তাহেরপুর পৌর এলাকার আওয়ামী লীগের কয়েকজন নেতার সহযোগিতায় তিনি এভাবে মাছ শিকার করছেন। তবে তিনি তাঁদের নাম প্রকাশ করেননি।
নদীতে বেড়া ও সোতি জাল দিয়ে মাছ ধরার কথা স্বীকার করে তজিবর রহমান বলেন, কেউ তাঁদের মাছ ধরতে মানা করেননি। তবে তিনি মাছ ধরা বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান বলেন, শিগগির এসব অবৈধ বেড়া ও সোতি জাল উচ্ছেদ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম বলেন, তাঁকে কেউ ঘটনাটি জানায়নি। তবে তিনি বাঁশের বেড়া ও অবৈধ সোতি জাল অপসারণের ব্যাপারে ব্যবস্থা নেবেন।