নদীতে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন চার ব্যক্তি l ছবি: প্রথম আলো
বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন চার ব্যক্তি l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদীর চারটি স্থানে আড়াআড়ি বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় চার ব্যক্তি নতুন দুলা রামপুর ও বাখরনগর এলাকায় জাল দিয়ে বেড়া দিয়েছেন।

উপজেলার উত্তর প্রান্তের মরিচাকান্দি-সংলগ্ন মেঘনা নদী থেকে ঢোলভাঙ্গার উৎপত্তি। এটি উপজেলার দরিয়াদৌলত, বাঞ্ছারামপুর পৌরসভা, বাঞ্ছারামপুর উত্তর, আইয়ুবপুর ও মানিকপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মায়ারামপুর গ্রামের পাশ দিয়ে ফের মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৬৭ কিলোমিটার।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নতুন কদমতলী, নতুন দুলা রামপুর এবং বাখরনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঢোলভাঙ্গা নদীতে চারটি বেড়া দেওয়া হয়েছে। নতুন দুলা রামপুর গ্রামের অবিদ মিয়া ও আল আমিন, নতুন কদমতলীর মেনু মিয়া এবং বাখরনগর গ্রামের সহিদ মিয়া এক মাস ধরে সেখানে মাছ ধরছেন। শিং, পুঁটি, কই, কাইকা, বজুরি, বৈচা, চান্দা প্রভৃতি দেশি প্রজাতির ছোট-বড় মাছ ধরা পড়ছে।

সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুর-মরিচাকান্দি সড়ক থেকে নতুন কদমতলী ঢুকতে কালভার্টের উত্তরে জাল দিয়ে বেড়া দেওয়া। জাল এতই ঘন যে, তা দিয়ে মাছের পোনাও যেতে পারবে না। সেখানে মাছ ধরছেন নতুন দুলা রামপুর গ্রামের মেতুর মিয়া ও তাঁর ছেলে অবিদ মিয়া। ওই বাঁধের প্রায় ৩০০ মিটার উত্তরে একই গ্রামের আল আমিন আরও একটি বাঁধ দিয়েছেন। এই দুটি বাঁধের প্রায় আধা কিলোমিটার উত্তরে নতুন কদমতলী গ্রামের মেনু মিয়া এবং তাঁর পাশে বাখরনগর গ্রামের সহিদ মিয়া জাল দিয়ে নদীতে আড়াআড়ি বাঁধ দিয়েছেন।

আল আমিন বলেন, ‘২০-২৫ দিন আগে নদীতে বাঁধ দিয়াছি। বাঁধের মধ্যে আনতা (চাঁই) দিয়া মাছ ধরি। ছোট ছোট বৈচা, বজুরি, চান্দাসহ আরও অনেক রকমের মাছ ধরা পড়ছে। নদী থেকে পানি কমা শুরু অইলে বেশি কইরা মাছ পাওয়া যাইবে। আমি ছাড়াও অবিদ মিয়া, মেনু মিয়া, সহিদ মিয়া বাঁধ দিয়া মাছ ধরতাছে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ‘এ সময় দেশীয় মাছের পোনাগুলো অবাধে নদীতে বিচরণ করে বড় হওয়ার কথা। আমি জেনেছি, নতুন কদমতলী এলাকায় তিন-চারজন ব্যক্তি ঢোলভাঙ্গা নদীতে অবৈধভাবে আড়াআড়ি জাল দিয়ে বাঁধ দিয়ে দেশীয় মাছের পোনা শিকার করছেন। শিগগিরই বাঁধ উচ্ছেদ করতে পদক্ষেপ নেওয়া হবে।’