নদীতে বেড়া দিয়ে মাছ শিকার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতী নদীতে অবৈধভাবে তিনটি বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের সম্মতিতেই এসব বাঁধ তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজরের কমলগঞ্জে লাঘাটা নদীতে বাঁশের সাতটি খাটি (বানা) দিয়ে মাছ শিকার চলছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, আলফাডাঙ্গা উপজেলার নন্দীগ্রাম থেকে টিটা, কাতলাসুর থেকে দিকনগর ও চরপাচুড়িয়া থেকে পার্শ্ববর্তী মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর এলাকার মধুমতী নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে তিনটি বাঁধ দেওয়া হয়েছে। নন্দীগ্রামে মাছ ধরায় নিয়োজিত গোপালগঞ্জের জ্ঞানেসুর গ্রামের সিদ্ধেশ্বর বিশ্বাস বলেন, ‘প্রায় তিন মাস আগে আমরা নদীতে বেড়া দিয়েছি। এখন মাছ কম ধরা পড়ছে। আষাঢ়ে মাছ বেশি ধরা পড়বে, সে অপেক্ষায় আছি।’ আলফাডাঙ্গার জেলে সরজিত বিশ্বাস বলেন, ‘আমরা পাঁচ-ছয়জন মিলে নন্দীগ্রাম থেকে টিটা পর্যন্ত বাঁধটি তৈরির আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা ও প্রশাসনের লোকজনের মৌখিক অনুমতি নিয়েছি।’ পবনবেগ গ্রামের জেলে ভবসিন্ধু বিশ্বাসসহ কয়েকজন মিলে তৈরি করেছেন কাতলাসুর থেকে দিকনগর পর্যন্ত বাঁধটি। ভবসিন্ধু বিশ্বাস বলেন, ‘সবাই নদী থেকে বেড়া ও জাল সরিয়ে নিলে আমিও নেব।’ চরপাচুড়িয়ার বাঁধটি তৈরি করেছেন পবনবেগ গ্রামের হরসিত বিশ্বাস। ওই গ্রামের একাধিক জেলে এর সত্যতা নিশ্চিত করেছেন। যোগাযোগের চেষ্টা করেও হরসিতের সঙ্গে কথা বলা যায়নি। নন্দীগ্রামের বাসিন্দা টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি মিজানুর রহমান জানান, মাছ ধরাই এদের পেশা, তাই কিছু একটা করে খাচ্ছে। তবে এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খ. আবু বকর সিদ্দিক বলেন, প্রভাবশালী এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ থাকায় অনেক সময় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস বলেন, ‘শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বাঁধ অপসারণ করা হবে।’কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে মাছ শিকারিরা লাঘাটা নদীতে অবৈধভাবে বাঁশের খাটি (বানা) স্থাপন করে মাছ ধরছে। লাঘাটা নদীর বেইলি সেতু ও আশপাশের এলাকার সাতটি স্থানে এগুলো স্থাপন করা হয়েছে। উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদ উল্যা জানান, গত ১০ জুন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উদ্বুদ্ধকরণ সভায় নদী, অভয়াশ্রমে কারেন্ট জাল ও বাঁশের খাটি স্থাপন না করাতে অনুরোধ করা হয়েছিল। এর পরও ওই ইউনিয়নের লাঘাটা নদীতে সাতটি স্থানে বাঁশের খাটি স্থাপন করা হয়েছে। এতে নদীতে মৎস্য প্রজনন ও স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। উপজেলার মৎস্য কর্মকর্তা বলেন, ‘বাঁশের খাটিগুলো অপসারণ করা হবে।’