নদীতে ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদর ইউনিয়নে বাঁধের পাশে ঢোলভাঙ্গা নদীতে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন ভূমি কর্মকর্তারা। অবশ্য পরে অনুমোদন বাতিল করা হলেও এরই মধ্যে নদীতে চারটি স্তম্ভ (পিলার) নির্মাণ শুরু হয়েছে।
ঘটনাস্থলে না গিয়েই নদীতে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ায় সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. জাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কানুনগো ম্রাঘ্য মারমা।
উপজেলা ভূমি কার্যালয় জানায়, উপজেলার ভবনাথপুরের আশরাফ উদ্দিন ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খোশকান্দির ছিদ্দিকুর রহমান চরচুনার মৌজার ধারিয়ারচর বাজারে ডোবা দেখিয়ে ১৮৪৭ দাগে ৫ শতাংশ জমিতে ভবন নির্মাণ করতে গত ৬ জানুয়ারি ইউনিয়ন ভূমি কার্যালয়ে আবেদন করেন। জমিটি পড়েছে ঢোলভাঙ্গা নদীতে। নদীর পূর্ব পাশে বাঞ্ছারামপুর-ধারিয়ারচর সড়ক। নদীভাঙন থেকে রক্ষার জন্য পরে সেখানে ২০০ মিটার এলাকায় ব্লক বসিয়ে বাঁধ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
কিন্তু সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে ও জমির অবস্থান না বুঝেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে ১০ দিনের মধ্যে ১৬ জানুয়ারি ভবন নির্মাণের অনুমোদন করিয়ে নেন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, সরকারি রাস্তার পাশে ব্লক বসানোর স্থানে কোনো স্থাপনা নির্মাণ করা অবৈধ। কেউ তা করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার ধারিয়ারচর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাঞ্ছারামপুর-ধারিয়ারচর সড়কের ঠিক পশ্চিম পাশের নদীতে চারটি পিলার তৈরির কাজ করছেন শ্রমিকেরা। শ্রমিক রুবেল মিয়া বলেন, ‘আমাগোরে আশরাফ ভাইয়ে কইছে, এইহানে একটা বিল্ডিং হইব।’
আশরাফ উদ্দিন বলেন, ‘এই জায়গা আমাদের কেনা জায়গা। তাই সেখানে বিল্ডিং তুলছি।’
ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের কেনা জায়গায় ভবন তৈরি করতে অনুমোদন নিয়েছিলাম। গত রোববার কানুনগো এসে ভবন তৈরি করতে নিষেধ করে এসেছেন।’
ম্রাঘ্য মারমা বলেন, ‘নায়েব জাকির সাহেবের কথায় বিশ্বাস করে ফাইলে সই করেছিলাম। আসলে তাঁকে বিশ্বাস করা ঠিক হয়নি। সরেজমিনে না গিয়ে প্রতিবেদন জমা দেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
জাকির হোসেন দাবি করেন, ‘আমি অসুস্থ ছিলাম বিধায় সরেজমিনে যাওয়া হয়নি। আর জায়গার মালিকদেরও একটা চাপ থাকায় তড়িঘড়ি করে কানুনগো স্যারকে বলেছি ফাইল সই করে দিতে। এখন বুঝতে পারছি, অনুমোদন দেওয়াটা ভুল ছিল।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার প্রথম আলোকে বলেন, সহকারী ভূমি কর্মকর্তা ও কানুনগোর প্রতিবেদনের ভিত্তিতে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে জমিটি রাস্তার ঢালে নদীতে হওয়ায় ভবন নির্মাণের অনুমোদন বাতিল করা হয়েছে এবং ভবন নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে স্তম্ভ নির্মাণ প্রসঙ্গে তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তেমনটা হলে এখনই লোক পাঠিয়ে ব্যবস্থা নেব।’