নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী ও রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় গতকাল শুক্রবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শীতলক্ষ্যা নদীতে পাওয়া লাশটি নবীর হোসেনের (৩৫)। তিনি রূপগঞ্জের হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা। ধলেশ্বরীতে উদ্ধার হওয়া লাশটির পরিচয় জানা যায়নি। লাশটির পরনে ছিল সাদা রঙের শার্ট ও নীল রঙের জিনস প্যান্ট।
ফতুল্লা থানার বক্তাবলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গতকাল বেলা দুইটার দিকে বক্তাবলী এলাকায় ধলেশ্বরীতে অজ্ঞাত যুবকের (২৫) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হচ্ছে।
অন্যদিকে, রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফরিদ হাসান বলেন, ২০ অক্টোবর রাত আটটার দিকে নবীর হোসেন বাড়ি থেকে কাঞ্চন এলাকায় যাওয়ার কথা বলে বের হন। এরপর না ফেরায় ২২ অক্টোবর বড় ভাই জাকারিয়া রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান লাশ দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। লাশটির পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশ যাতে ভেসে উঠতে না পারে, সে জন্য গলা ও হাত-পায়ে রশি দিয়ে ইট বেঁধে ফেলে দেওয়া হয়েছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।