নদীতে ভাসা লাশটি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী নৌকাডুবির দুই দিন পর আজ শনিবার সকালে ছেত্রা নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়েছে। বেলা দেড়টার দিকে স্বজনেরা এসে লাশটি উদ্ধার ও শনাক্ত করেন।
নিহত ব্যক্তির নাম জসিম মিয়া (৩০)। বাবার নাম কাসেম আলী। বাড়ি কিশোরগঞ্জ। জসিম ফেরি করতেন।
জসিমের ছোট ভাই শামিম মিয়া বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করেছি। এখন লাশ নিয়ে যাব। কোনো মামলা করব না।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভাসমান অবস্থায় মনে হচ্ছিল লাশটি কোনো কিশোরের। উদ্ধারের পর দেখা গেছে, লাশটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির।
গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন মা-মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করেন। নিখোঁজ থাকেন তিনজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাজমুন্নাহার (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হলো আরেকজনের লাশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নৌকাডুবির স্থল থেকে আধা কিলোমিটার দূরে উপজেলার কাকুড়িয়া গ্রামের পাশে আজ সকাল আটটার দিকে একটি লাশ ভেসে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে এ তথ্য জানালেও তারা লাশটি উদ্ধারে কোনো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। পরে স্বজনেরা এসে নিজ উদ্যোগে লাশটি উদ্ধার করেন।
আরও পড়ুন..
নদীতে কিশোরের লাশ, উদ্ধার তৎপরতা নেই