নদীতে লাফিয়ে পালাল মদ্যপায়ী ও বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মেরি এন্ডারসনের ভাসমান রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মদ বিক্রেতা ও মদপানকারীদের কয়েকজন বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লাইসেন্স ছাড়া মদপান ও মদ বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম জানান, ওই রেস্তোরাঁর বার পরিচালনা করার কোনো অনুমোদন নেই। তার পরও সেখানে মদপান ও বিক্রি করার অভিযোগ ছিল। তাঁর নেতৃত্বে সোমবার রাত নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে সেখানকার একজন কর্মচারী ও সাতজন মদ ক্রেতাকে আটক করা হয়। এর আগে গত ২৫ জুলাই রাতে এই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।মেরি এন্ডারসনের ভাসমান রেস্তোরাঁ পরিচালিত হয়ে আসছে হক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন নামের এক ব্যক্তি রেস্তোরাঁয় মদের ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।২০১২ সালের ১ ফেব্রুয়ারি ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিয়ার জব্দ করে র‌্যাব। একসময় সেখানে বার পরিচালনা করার অনুমোদন থাকলেও এখন নেই।