নদীতে লাশ ভাসে পুলিশ আসে না
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে গত বুধবার ও শুক্রবার হাত-পা বাঁধা চারটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। কিন্তু সীমানা জটিলতার অজুহাতে মহম্মদপুর ও ফরিদপুরের আলফাডাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করেনি। একটি মাত্র লাশ উদ্ধার করেছে নড়াইলের লোহাগড়া থানার পুলিশ।
মহম্মদপুরের একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে পুলিশ নদীতে লাশ ভাসার খবর জানলেও উদ্ধার করছে না। অনেক সময় নদীর তীরে লাশ দেখলেও ঝামেলা এড়াতে তা ঠেলে অন্য থানা এলাকার সীমানায় পাঠিয়ে দেয়। কারণ হিসেবে মহম্মদপুর থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নদীতে ভাসমান বা অন্য কোনো জায়গা থেকে পরিচয়হীন লাশ উদ্ধার করা পুলিশের জন্য মহা বিড়ম্বনা। পচা-গলা, দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাতে হয়। লাশ উদ্ধার, ময়নাতদন্ত ও দাফনের প্রতিটি পর্যায়ে আর্থিক বিষয় জড়িত। অথচ লাশপ্রতি মাত্র দুই হাজার টাকা দেয় সরকার। অথচ খরচ হয় আট থেকে ১০ হাজার টাকা। তা ছাড়া নানা ঝক্কিঝামেলাও আছে। তাই বিষয়টি তাঁরা এড়িয়ে চলেন। একান্ত বাধ্য না হলে ভাসমান লাশ উদ্ধারের পথে পা বাড়ান না।
সর্বশেষ গত শুক্রবার সকালে মহমঞ্চদপুরের ঝামা এলাকায় মধুমতীতে হাত-পা বাঁধা এক যুবকের লাশ ভাসতে দেখেন নদীতীরবর্তী লোকজন। ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে যায়। লাশ তখন ঝামায় ছিল না। বিকেল চারটায় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ট্রলার নিয়ে দেখা যায়, মধুমতী নদীর আলফাডাঙ্গা উপজেলার দীঘলবানা ঘাটের কাছে এক যুবকের লাশ। ওই যুবকের হাত-পা কাপড় দিয়ে বাঁধা। পরনে লুঙ্গি, হাফ হাতা গেঞ্জি। লাশের শরীরে পচন ধরেছিল। ফুলে ওঠায় চেহারা ছিল বিকৃত। আনুমানিক বয়স হবে ৩০ বছর।
লাশ দেখে ঘটনাস্থল থেকে মহম্মদপুর ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ফোন দিলে তাঁরা জানান, লাশ উদ্ধারের কথা শোনেননি। এসব গুজব। পুলিশের ঝামেলা এড়াতে স্থানীয় লোকজনও লাশ নদী থেকে তোলেননি। একপর্যায়ে লাশটি ভাসতে ভাসতে লোহাগড়ার উদ্দেশে চলে যায়।
মহমঞ্চদপুরের পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ‘মধুমতী নদীতে আমরা প্রায়ই লাশ ভাসতে দেখি। পুলিশে খবর দিই। কিন্তু পুলিশ লাশ উদ্ধারে তৎপরতা দেখায় না। লাশগুলো ভাসতে ভাসতে ভাটিতে সাগরের দিকে চলে যায়।’ তিনি জানান, বুধবার তাঁর ইউনিয়নের ঝামা এলাকায় এক তরুণীর লাশ মধুমতীতে ভাসতে দেখেছেন। ওই দিনই একসঙ্গে হাত-পা বাঁধা দুই ব্যক্তির লাশও নদীতে ভাসতে দেখেছেন। পরে বিষয়টি পুলিশকে জানালেও তারা লাশ উদ্ধার করেনি।
বুধবার তিনটি লাশ দেখার বিষয়টি স্থানীয় আরও কয়েকজন নিশ্চিত করেছেন। তবে তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
চারটি লাশের ব্যাপারে মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দাবি করেন, ‘আমার থানা এলাকায় নয়, শুনেছি আলফাডাঙ্গা থানা এলাকায় মধুমতীতে লাশ ভাসছিল। ভাসতে থাকা লাশ এক জায়গায় থাকে না। খবর পাওয়ার পর উদ্ধার করতে গিয়ে দেখা যায়, লাশ নেই। ভেসে অন্য জায়গায় চলে গেছে।’ তিনি বলেন, বুধবার আলফাডাঙ্গা থানার পুলিশ নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে বলে তিনি শুনেছেন। তবে আলফাডাঙ্গা থানার ওসি মো. কিবরিয়া দাবি করেন, ‘আমি এ থানায় আসার পর আজ পর্যন্ত নদী থেকে কোনো লাশ উদ্ধার করিনি। ভাসতে থাকা কোনো লাশের খবরও জানি না।’
লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী স্বীকার করেন, ‘দু-তিন দিন আগে আমরা মধুমতী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। লাশটির হাত-পা বাঁধা ছিল। চেক শার্ট ও লুঙ্গি পরা। পচে-গলে লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। অন্য কোনো লাশের খবর আমি জানি না।’