নদীতে শিক্ষার্থীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বেমালিয়া নদীতে গতকাল বুধবার শিক্ষার্থী বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক শিক্ষার্থী মারা গেছে।
মৃত ফারজানা বেগম (১২) মহিষবেড় গ্রামের সাইদ মিয়ার মেয়ে। সে উপজেলার কুন্ডা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মহিষবেড় থেকে শিক্ষার্থী নিয়ে কুন্ডার উদ্দেশে নৌকাটি যাত্রা করে। নৌকায় থাকা ১৪০ শিক্ষার্থীর সবাই কুন্ডা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী। শ্রীরামপুর আসার পর নৌকার তলা ফেটে সেটি ডুবে যায়। অন্য সবাই সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও ফারজানা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ফারজানাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন জাল টেনে ফারজানাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আহত হয় অপর সাত-আটজন শিক্ষার্থী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুন্ডা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক জানান, ছয় মাস (বর্ষা মৌসুমে) মহিষবেড় গ্রাম থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত পরিবহনের জন্য মহিষবেড় গ্রামের সোহরাব মিয়ার একটি নৌকা ভাড়া করা হয়। কিন্তু বুধবারে এর ব্যতিক্রম ঘটে। নৌকার মালিক সোহরাব অন্য এক মালিকের লক্কড়ঝক্কড় নৌকা পাঠান এবং অতিরিক্ত ২০-২৫ জন যাত্রী উঠানোর কারণেই নৌকাডুবির ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, অতিরিক্ত যাত্রী উঠানোর কারণেই নৌকাডুবির ঘটনা ঘটেছে।