নদীদূষণ, দুই কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা
সাভারের দক্ষিণ দরিয়াপুর ও কর্ণপাড়ায় দুটি ডাইং কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে দূষণের ঘটনা উদ্ঘাটন করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানা দুটিকে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। নদী ও খাল রক্ষায় অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ এই অভিযান চালায়। অভিযানের সময় সাভারের জে কে ফেব্রিকস লিমিটেডের বর্জ্য পরিশোধন যন্ত্রটি বন্ধ পাওয়া যায় এবং সুরমা গার্মেন্টস লি. (নিটিং অ্যান্ড ডাইং) এ ট্যাংক উপচিয়ে পার্শ্ববর্তী খালে দূষিত পানি নির্গমনের প্রমাণ পাওয়া যায়। দুটি কারখানার ইটিপি যথাযথভাবে পরিচালনা করা হচ্ছিল না বলে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ওই অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩ জন ছাত্রছাত্রী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. মাহফুজুল হক এ সময় উপস্থিত ছিলেন। এ দুটি কারখানার দূষিত বর্জ্য পানি স্থানীয় জমি ও ড্রেনের মাধ্যমে কর্ণপাড়া খালে ও ধলেশ্বরী নদীতে পড়তে দেখা যায়। পরিবেশের ক্ষতি করায় জে কে ফেব্রিকস লিমিটেডকে ১১ লাখ ৬৭ হাজার টাকা এবং সুরমা গার্মেন্টস লিমিটেডকে ২৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুরমা গার্মেন্টস লি. প্রায় পাঁচ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছে। দুটি কারখানার মালিককে ইটিপি পরিচালনার যাবতীয় ত্রুটি দূর করে পরিবেশ দূষণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলা দায়ের ও কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি জানানো হয়েছে। এনফোর্সমেন্ট অভিযানের অনুসন্ধানে দেখা যায়, দুটি কারখানা থেকে সম্প্রতি সোয়া লাখ ঘনমিটার অপরিশোধিত দূষিত তরল বর্জ্য নির্গত হয়েছে। অভিযানের সময় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূষণের কারণ ও এর প্রভাব প্রতিক্রিয়া সরেজমিনে দেখানো হয়। এনফোর্সমেন্ট টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে দক্ষিণ দরিয়াপুর এলাকায় প্রবাহিত খালটিও সরেজমিন পরিদর্শন করে। এতে দেখা যায়, শিল্প ও গৃহস্থালি বর্জ্যে খালের পানি ঘন কালো বর্ণ ধারণ করেছে এবং পানি থেকে উৎকট দুর্গন্ধ বের হচ্ছে। তাছাড়া খালের দুই পাশে আবর্জনা ফেলে ও কাঠের খুঁটি এবং বাঁশের বেড়া দিয়ে খাল দখল করা হয়েছে। দখল ও দূষণের শিকার হয়ে খালটির অস্তিত্বই হুমকির মুখে। এতে ওই এলাকায় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে। অভিযান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরে দুপুর ১২টায় ব্রিফিং এর আয়োজন করা হয়। তাতে বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান ও পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বক্তব্য দেন। পরে অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে গ্রীন ব্রিগেড নামে একটি পরিবেশ রক্ষা দল গঠনের ঘোষণা দেন মুনির চৌধুরী। তিনি আগামীতে এনফোর্সমেন্ট অভিযানে অংশগ্রহণসহ সার্বিক পরিবেশ রক্ষার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান। মুনীর চৌধুরী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও পেশাগত জীবনে পরিবেশ দূষণবিরোধী তৎপরতায় সক্রিয় ভূমিকা পালনের শপথ গ্রহণ করান। গ্রীন ব্রিগেডের প্রতীক ও একটি লাল গোলাপ নিয়ে শিক্ষার্থীরা দৃঢ় প্রত্যয়ে পরিবেশ রক্ষার কর্মী হিসেবে কাজ করার অঙ্গীকার করেন।