নদীদূষণ রোধে ব্যর্থ হওয়ায় মেয়রের প্রতি রুল
খুলনার ঐতিহ্যবাহী ময়ূর, হাতিয়া ও কাজীবাছা নদীসহ ক্ষেত্রখালী, লবণচরা, নিরালা ও মান্দার খাল সংরক্ষণ এবং দূষণ রোধে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করেছেন উচ্চ আদালত। গত মঙ্গলবার বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অবৈধ দখলকারীদের তালিকা করে চার মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান জানান, দখল ও দূষণ প্রতিরোধে খুলনাবাসীর আইনি সহায়তা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আবেদনে খুলনা সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকসহ ১২ জনকে বিবাদী করা হয়। এ ব্যাপারে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘রুলের বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো কোনো কাগজপত্র আমরা পাইনি। কাগজপত্র পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’রিট আবেদনে অন্য বিবাদীরা হলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, মৎ স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও মৎ স্য অধিদপ্তরের মহাপরিচালক। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন সংস্থার সিনিয়র আইনজীবী ইকবাল কবীর।