নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদীদূষণ ও দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যাঁরা নদীর পানি দূষিত করছেন তাঁরা দেশের শত্রু, মানুষের শত্রু। নদী দূষণকারীরা নব্য রাজাকার।
গতকাল বুধবার গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় এননটেক্স গ্রুপের গ্যালাক্সি কারখানা প্রাঙ্গণে জারা ডেনিম লিমিটেড ও এননটেক্স নিট টেক্স লিমিটেডের উদ্বোধনকালে শাজাহান খান এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে রাজাকাররা দেশের যেমন ক্ষতিসাধিত করেছে, ঠিক তেমনি বর্তমানে কতিপয় অসাধু কারখানার মালিক নদীদূষণ ও দখল করে দেশের ও মানুষের ক্ষতিসাধন করছেন।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ জাহিদ আহসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, এননটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস প্রমুখ।