নদীদূষণের অর্ধেক জরিমানা পরিশোধ করেছে বসুন্ধরা
মেঘনা নদী দূষণের অপরাধে জরিমানার অর্ধেক ২১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে বসুন্ধরা পেপার মিলস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির দুজন শীর্ষ কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরে গিয়ে পে-অর্ডারের মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বসুন্ধরার ওই দুই কর্মকর্তা আগামী সোমবারের মধ্যে জরিমানার বাকি ২১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করার অঙ্গীকার করেন। তাঁরা বলেন, বিকল্প নালা দিয়ে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করে মিলের বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) চালু করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ ও গবেষণাগারের যৌথ দল গত ১৭ অক্টোবর ও ৩ ডিসেম্বর মেঘনা নদীর তীরে অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-৩) কারখানাটি আকস্মিক পরিদর্শন করেন। তারা দেখতে পায়, কারখানাটিতে ইটিপি থাকা সত্ত্বেও তরল বর্জ্য বিকল্প নালা (বাইপাস ড্রেন) দিয়ে মেঘনা নদীতে ফেলা হচ্ছে। দূষণের ওই ঘটনা ধরা পড়ার পর পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানা কর্তৃপক্ষকে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করেন। তিনি পরিবেশের ক্ষতিপূরণ বাবদ বসুন্ধরা পেপার মিলসকে ৪২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া এক মাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগারের ত্রুটি দূর করার এবং অবিলম্বে বিকল্প নালা বন্ধের নির্দেশ দেন।