নদীদূষণের দায়ে আট প্রতিষ্ঠানকে কোটি টাকা জরিমানা
রাজধানীর চারপাশে প্রবাহিত চারটি নদী দখল ও দূষণের দায়ে আটটি প্রতিষ্ঠানকে এক কোটি ৯২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তরের সাম্প্রতিক এনফোর্সমেন্ট অভিযানে দেখা গেছে, এসব কারখানা তরল ও কঠিন বর্জ্য ফেলে দূষণসহ ওই চারটি নদী দখলও করেছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বুধবার এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেন এবং দূষণ বন্ধে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ ও নদী দখলমুক্ত করার সময়সীমা বেঁধে দেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) পরিচালনা করে ঘোড়াশালে শীতলক্ষ্যা দূষণের জন্য প্রাণ গ্রুপের কাছ থেকে ৩২ লাখ ৫১ হাজার টাকা, ধামরাইয়ে কঠিন বর্জ্য ফেলে বংশাই নদী দূষণের দায়ে আকিজ গ্রুপের কাছ থেকে ১৯ লাখ ৬০ হাজার টাকা, তরল বর্জ্য ফেলে শীতলক্ষ্যা দূষণের দায়ে কাঁচপুরের নিকি ডায়িংয়ের কাছ থেকে ১৫ লাখ টাকা, টঙ্গী এলাকায় তুরাগ দূষণের দায়ে আটলান্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এআরএস ওয়াশিং লিমিটেডের কাছ থেকে এক লাখ ৮৪ হাজার টাকা এবং পিএ নিট কম্পোজিটের কাছ থেকে ১৪ লাখ ৯৭ হাজার টাকা আদায় করা হয়।এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জে ধলেশ্বরী নদী দখল করে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটার মালিককে গ্রেপ্তারসহ ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।