নদীদূষণের দায়ে সাভারে দুটি কারখানায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরে দুটি কারখানায় আকস্মিক অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এই অভিযান চালানো হয়। কারখানা দুটি হচ্ছে আল-মদিনা ওয়াশিং প্ল্যান্ট ও অবনী টেক্সটাইল মিলস লিমিটেড।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, আল-মদিনা ওয়াশিং প্ল্যান্টের কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) ব্যবহার করা হচ্ছে না। অথচ প্রতিদিন এই কারখানা থেকে সাড়ে সাত হাজার লিটার অপরিশোধিত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে যাচ্ছে। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, নদীদূষণের ক্ষতিপূরণ বাবদ কারখানাটিকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা এবং অবিলম্বে বর্জ্য পরিশোধন যন্ত্র বসানোর কঠোর নির্দেশ দেওয়া হয়।একই এলাকায় অবনী টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানায় বর্জ্য নিঃসরণ পরীক্ষণ পয়েন্ট (পিট) খুঁজে পাওয়া যায়নি। কারখানায় ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এর পরিবেশগত ছাড়পত্র নবায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।