নদীদূষণের দায়ে ৭৭ লাখ টাকা জরিমানা
নদীদূষণের দায়ে গতকাল বুধবার গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের তিন কারখানাকে ৭৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মুহমঞ্চদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকার এস কিউ হিউস লিমিটেড, গাজীপুরের শ্রীপুরের ক্রাউন উলওয়্যার লিমিটেড ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের সানজানা ফেব্রিকস লিমিটেড নামের কারখানাগুলোর বর্জ্য দীর্ঘদিন ধরে ক্ষীরো, তুরাগ ও শীতলক্ষ্যা নদী দূষণ করছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে ওই ঘটনা ধরা পড়ে। এসব কারখানার দূষিত তরল বর্জ্যে নদনদী দূষণ ও কৃষিজমি নষ্ট হচ্ছে। নদীদূষণের অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল বুধবার এস কিউ হিউস লিমিটেডকে ১৫ লাখ ৩৬ হাজার টাকা, ক্রাউন উলওয়্যার লিমিটেডকে ৪৩ লাখ ২০ হাজার টাকা ও সানজানা ফেব্রিকস লিমিটেডকে ১৮ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ ছাড়া, সানজানা ফেব্রিকসের অবৈধ ডাইং কারখানা বন্ধ, ক্রাউন উলওয়্যার লিমিটেডের ছাড়পত্র বাতিল এবং এস কিউ হিউসের বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি দূর করার নির্দেশ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সানজানা ফেব্রিকসের ব্যাপক দূষণে ওই এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটে। এ নিয়ে এলাকাবাসী ইতিপূর্বে সমাবেশ ও মানববন্ধন করেছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এই অপরাধের দায় স্বীকার করেছেন। অপরদিকে ক্রাউন উলওয়্যার লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ইস্যুকৃত তরল বর্জ্যের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট জালিয়াতি করে ছাড়পত্র গ্রহণ করে। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, কিছু শিল্পোদ্যোক্তা নানামুখী জালিয়াতির আশ্রয় নিয়ে অতি মুনাফা করছেন। এসব কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছে।