নদীদূূষণের অপরাধে কাগজ কলকে ৩০ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদ দূষণের অপরাধে একটি কাগজ কলকে ৩০ লাখ টাকা জরিমানা করে মিলের বেআইনি উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ নির্দেশ দেন।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন বন্দর উপজেলার তবলপাড়া গ্রামে বাশার পেপার মিলস (প্রা.) লিমিটেড নামের ওই পেপার মিল দুই বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বর্জ্য থেকে রিসাইক্লিং করে দৈনিক পাঁচ টন কাগজ উৎপাদন করছে। সোমবার অভিযানের সময় কারখানার কর্মচারীরা বর্জ্য পানি নির্গমনের পাইপলাইনটি দ্রুত বন্ধ করে দেন। ওই লাইন দিয়ে একটি ড্রেনের মাধ্যমে বিষাক্ত তরল বর্জ্য একটি খাল দিয়ে ব্রহ্মপুত্র নদে যায়। ব্রহ্মপুত্র নদের সংযোগ খালটিতে প্রবাহিত স্ফটিকের মতো স্বচ্ছ পানির স্রোতে কারখানার বাদামি বর্ণের বর্জ্য পানি মিশ্রিত হয়ে খাল ও নদের পানি দূূষিত এবং বিবর্ণ হয়ে পড়ছে।স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, এ কারখানার কারণে ব্রহ্মপুত্র নদ ও সংযোগ খালটি মারাত্মক দূষণের কবলে পড়ছে। ফলে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে, নদ ও খালে মরা মাছ ভেসে উঠছে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং গ্রামবাসীর মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া বিষাক্ত পানি জমিতে ছড়িয়ে কৃষিজমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। ফলে আগে এক বিঘা জমিতে যেখানে ২৫-২৮ মণ ধান উৎপাদিত হতো, সেখানে একই জমিতে এখন ১৫-১৮ মণ ধান উৎপাদিত হচ্ছে।কারখানার মালিক কারখানার পরিবেশগত সমীক্ষা রিপোর্ট দাখিল, ইটিপি স্থাপন ও চালু এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ ইত্যাদি কোনো পদক্ষেপই নেননি। সোমবার অভিযানকালে কারখানার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকদের কাউকে পাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে দুপুরে কারখানার মহাব্যবস্থাপককে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে পরিবেশদূষণের অপরাধে ৩০ লাখ টাকা দণ্ড প্রদানের পর কারখানার বেআইনি উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।