নদীপথের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: পুলিশ
পুলিশের অতিরিক্ত জ্যেষ্ঠ মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নদীপথে সব ধরনের নাশকতা এড়াতে নৌপুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে কর্মরতদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এক মতবিনিময় সভায় বক্তব্যের সময় নৌপুলিশের প্রধান এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, চাঁদপুরের পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ, বন্দর ও পরিবহন কর্মকর্তা মুহম্মদ মোবারক হোসেন।
মতবিনিময় সভায় বিভিন্ন লঞ্চমালিকের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।