নদীপথের সৌন্দর্যে মুগ্ধ বিদেশি অতিথিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান মুক্তিযুুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু ও তাঁদের প্রতিনিধিরা গতকাল রোববার বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে তিন ঘণ্টা নৌবিহার করেন। বাংলাদেশের নদীপথের সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন তাঁরা।ঢাকার পোস্তগোলার বুড়িগঙ্গার তীর থেকে গতকাল বেলা ১১টায় অতিথিরা নৌবাহিনীর জাহাজ ‘শক্তি সঞ্চার’-এ আরোহণ করেন। নৌযানটি দেড় ঘণ্টা চলার পর মেঘনা ঘুরে আবারও ফিরতি পথে যাত্রা শুরু করে। এরই মধ্যে অতিথিরা রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা ছুঁয়ে চাঁদপুরের মেঘনার মোহনা পর্যন্ত নদীর দুই পাশের সৌন্দর্য উপভোগ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারসহ অন্য শিল্পীরা অতিথিদের জন্য সংগীত পরিবেশন করেন।ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি, ভারতের সাবেক কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি, দিলীপ চক্রবর্তী, পঙ্কজ সাহা, মানস ঘোষ, সমাজসেবক নারায়ণ দেশাই, অঞ্জলি লাহেলি, আফজাল হোসেন, ব্রিটিশ সাংবাদিক লরেন্স ক্লিফটন, সুইডেনের রাজনীতিক ও মানবাধিকারকর্মী লার্স লেসনবার্গ, ভারতের নৌবাহিনীর এম এন আর সামন্ত, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সায়ন্ত সিং, কর্নেল (অব.) অশোক তারা, ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।রাতে আর্মি গলফ ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সৌজন্যে বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। স্বাধীনতার চার দশক পূর্তিতে বিদেশি বন্ধুদের সম্মান জানাতে দুই বছর ধরেই নানা অনুষ্ঠান চলছে। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বন্ধুদের সম্মাননার তৃতীয় পর্বে ৬১ জনকে সম্মানিত করা হয়। এর মধ্যে দুজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৫৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। তৃতীয় পর্বের সম্মাননার আনুষ্ঠানিকতা গতকাল শেষ হয়েছে। আজ সোমবার অতিথিদের ঢাকা ত্যাগের কথা রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা: অশোক তারাকে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে অশোক তারা আপ্লুত কণ্ঠে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাঙালি উদ্বাস্তুদের লম্বা সারি দেখেছিলাম। খাবার, কাপড়চোপড় ছাড়া এসব মানুষকে দেখে অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়েছিল। এরপর মুক্তিবাহিনীর সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। শত বই লিখেও এসব আবেগ ও অনুভূতি প্রকাশ করা যাবে না। আর এসব কারণেই বাংলাদেশ আমার কাছে দ্বিতীয় জন্মভূমি।’অশোক তারা বলেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে তিনি উদ্ধার করেছিলেন। ওই বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনীর উড়িয়ে দেওয়া পতাকা নামিয়ে তিনি উত্তোলন করেছিলেন বাংলাদেশের পতাকা।প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অশোক তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তাঁর এ অবদান বাঙালি জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করবে।মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নতুন ধারা ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।