নদী পারের অপেক্ষায় ফেরিঘাটে রাত পার
পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কেওড়াকান্দি ফেরিঘাটে গতকাল বুধবার রাত থেকে অনেক বাস ও ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তবে ঘাট দুটিতে গাড়ির চাপ এখন কমে আসছে।
পাটুরিয়া ঘাটে আজ বেলা ১১টার দিকে ৭০টির মতো বাস ও শতাধিক ব্যক্তিগত ও মাইক্রোবাস নদী পারের অপেক্ষায় আছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা খুব একটা বেশি নয় মনে মন্তব্য করেছেন বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই ঘাটে তেমন সমস্যা হবে না।
অন্যদিকে শিমুলিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আছে আড়াই শ গাড়ি। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা চেষ্টা করে যাচ্ছেন ঘাটে থাকা গাড়িগুলোকে দ্রুত পার করাতে। তিনি বলেন, ফেরিগুলো ২৪ ঘণ্টাই চলাচল করছে।
শিমুলিয়া ঘাটে লঞ্চ ও স্পিডবোটগুলোতে প্রচুর মানুষ পারাপার হচ্ছে।
ঢাকা থেকে বাগেরহাটগামী হানিফ পরিবহনের এক যাত্রী রবিউল আলম প্রথম আলোকে বলেন, রাত দেড়টার দিকে তাঁকে বহন করা গাড়িটি ঘাটে এসে পৌঁছায়। বেলা ১১টায় গাড়িটি ফেরিতে উঠতে পেরেছে।
ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ২১ জেলার যাত্রীরা এই দুটি ফেরিঘাট দিয়ে চলাচল করে।