নদীপাড়ের মাটি বিক্রি
স্বেচ্ছাশ্রমে তিতাস নদ খননের নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নদীর পাড় কেটে ও তলদেশ খনন করে মাটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক কাজী হারিছুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা গত বছরের ডিসেম্বরে বুধন্তী ইউনিয়নের শশই গ্রামের মসজিদের মাইকে স্বেচ্ছাশ্রমে নদী খননের ঘোষণা দেন। ৮ ডিসেম্বর উপজেলার বুধন্তী গ্রামে নদীর পাড়ে তাঁরা একটি নামফলক স্থাপন করেন। এতে লেখা আছে, ‘স্বেচ্ছাশ্রমে তিতাস নদীর পূর্বাংশের খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।’ কিন্তু এই কাজের উদ্বোধন করতে এখানে পানিসম্পদমন্ত্রী আসেননি। আওয়ামী লীগের নেতারা ওই ফলক পুঁজি করে এবং স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে ৮ ডিসেম্বর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত নদীর পাড় ও তলদেশ খননযন্ত্র দিয়ে কেটে একেক ট্রাক মাটি ৫০০ টাকা করে বিক্রি করেছেন। এভাবে তাঁরা বুধন্তীতে দৈর্ঘ্যে ২০০ মিটার ও প্রস্থে ১০-১৫মিটার এলাকার নদীর পাড় এবং ১০০ মিটার দীর্ঘ এলাকায় নদীর তলদেশের মাটি কেটে বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে কাজী হারিছুর রহমান বলেন, ‘তিতাস এখন ভরাট হয়ে চরভূমিতে পরিণত হয়েছে। কৃষিজমিতে পানি দেওয়া যাচ্ছে না। পানির প্রবাহ ঠিক রাখার জন্য আমরা স্থানীয় সাংসদের নির্দেশে স্বেচ্ছাশ্রমে নদী খননের কাজ শুরু করেছিলাম। আমরা মাটি অন্যত্র বিক্রি করিনি।’ মন্ত্রীর নাম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ত্রী ওই দিন (৮ ডিসেম্বর) এখানে আসার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আসতে পারেননি। পরে ফলকটি সরানো হয়নি। এখন ফলকটি আমরা সরিয়ে নেব।’ এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর-বিজয়নগর) আসনের সাংসদ সাইদুল হক গতকাল শনিবার বলেন, ‘এসব আমি বন্ধ করে দিয়েছি।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।