নদীভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি

কালীগঙ্গা নদীর ভাঙনে মানিকগঞ্জ সদর উপজেলায় গত তিন বছরে বসতভিটা হারিয়েছে অর্ধশতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে ভাঙনকবলিত এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা থেকে সদর উপজেলার বালিরটেক পর্যন্ত বইছে কালীগঙ্গা নদী। প্রতিবছরই বর্ষাকালে মানিকগঞ্জ পৌর এলাকার কেওয়ারজানি ও পাশের বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দেয়। চার বছর ধরে নদী থেকে বালু তোলার কারণে এ গ্রাম দুটিতে তীব্র ভাঙন দেখা দেয়। গত বছর বর্ষা মৌসুমে বালু তোলা বন্ধে এলাকাবাসী ঝাড়ু-মিছিল করেন। এ ছাড়া ভাঙনকবলিত গ্রাম দুটিতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
গত রোববার সকালে কেওয়ারজানি ও আউটপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পানি কমলেও নদীতে স্রোত আছে। গ্রাম দুটিতে ভাঙনও থেমে নেই। নদীপারের বাসিন্দারা ভাঙন-আতঙ্কে আছেন। এলাকাবাসী অবিলম্বে সেখানে বাঁধ নির্মাণের দাবি জানান।
কেওয়ারজানি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও আউটপাড়া গ্রামের মোগর আলী বলেন, উজান থেকে আসা পলি জমে কেওয়ারজানি এলাকায় নদীর মাঝে চর পড়ে গেছে। এ ছাড়া চার বছর ধরে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে বালু তোলায় নদীর গতিপথ পাল্টে গ্রাম দুটিতে ভাঙন শুরু হয়। গত বছরের ১২ অক্টোবর এলাকাবাসীর ঝাড়ু-মিছিলের পর বালু তোলা বন্ধ হয়। এরপর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ভাঙনকবলিত গ্রাম দুটি পরিদর্শন করে এবং বাঁধ নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু এ পর্যন্ত বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনে গত তিন বছরে আউটপাড়া ও কেওয়ারজানি গ্রামের লাল চান, মোগর আলী, তমছের মিয়া, ফজল মিয়া, মহেদ আলী, জাহাঙ্গীর হোসেন, খোরশেদ আলী, নাজিমুদ্দিন, সোলাইমান হোসেন, আফাজ উদ্দিন, মহিয়ার রহমান, সোনা মিয়া, আনসার আলীসহ অন্তত ৫০ জনের পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কারও কারও বসতভিটা একাধিকবার ভেঙেছে। বসতভিটা হারিয়ে তাঁদের অনেকেই এখন নিঃস্ব।
স্থানীয় লোকগীতি শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবদুল বারেক বলেন, নদীভাঙন রোধে গত বছরের অক্টোবরে আউটপাড়া ও কেওয়ারজানি গ্রামে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের কাছে লিখিত আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ নভেম্বর পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের
কাছে আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন প্রতিমন্ত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পানিসম্পদমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রফিকুল ইসলাম বলেন, সাংসদের ডিও লেটার পাওয়ার পর মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, জেলায় ২৫-২৬টি ভাঙনপ্রবণ এলাকা রয়েছে। এসব এলাকায় জরিপকাজ চলছে। জরিপ শেষে নকশা প্রণয়নের পর উন্নয়ন প্রকল্পের আওতায় মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পাওয়ার পর নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।