নদীভাঙন থেকে রক্ষা চায় নদীপারের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি আসছেন। বেলা আড়াইটায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ শেষে ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।

প্রায় কুড়ি বছর পর শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত যমুনাপারের ভাঙনকবলিত জনপদের মানুষ। প্রকৃতির সঙ্গে লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকা যমুনাপারের মানুষের দাবি, ত্রাণ সাহায্য নয়, তারা যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী সমাধান চায়।

সারিয়াকান্দি সদর, চন্দনবাইশা, যমুনা নদীর দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের ঘাগুয়ার চর, জামথৈল ঘাট, কর্নিবাড়ি ইউনিয়নের পাকুরিয়া, শোনপঁচা এবং শোনপঁচা মহিলা বাঁধ ঘুরে নদীপারের মানুষের সঙ্গে কথা বলে নানা দাবির কথা শোনা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নদীপারের মানুষের মুখে মুখে যেসব দাবি উঠেছে তা হলো যমুনা নদীর সারিয়াকান্দি-মাদারগঞ্জ এবং সারিয়াকান্দি-বঙ্গবন্ধু সেতু রুটে ফেরি সার্ভিস চালু, বঙ্গবন্ধু সেতু থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় হাইওয়ে প্রকল্প বাস্তবায়ন, নদীশাসনের মাধ্যমে যমুনার উভয় তীরে ভাঙনরোধ, বন্যা থেকে রক্ষায় দুই তীরে পরিকল্পিত বাঁধ নির্মাণ, মানচিত্র থেকে হারিয়ে যেতে বসা চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের ১৮টি গ্রামের মানুষজনকে প্রতি বর্ষায় বাঁধে আশ্রয় নেওয়ার বদলে স্থায়ী আবাসভূমি নিশ্চিত ও পুনর্বাসন করা, চরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, বর্ষাকালে চার মাস চরের মানুষের জন্য সরকারি খাদ্য সহায়তার বিশেষ কর্মসূচি গ্রহণ, চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সারিয়াকান্দি উপজেলার কালীতলাঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে বাটির চর ও চর কুড়িপাড়া-সংলগ্ন যমুনার মূল নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন আটজন মাঝি। প্রধানমন্ত্রী আসছেন মনে করে দিতেই জেলেদের নেতা ওসমান প্রামাণিক বলেন, তাঁদের সবার বাড়ি চন্দনবাইশা গ্রামে। কয়েক বছর আগেও মুখরিত ছিল চন্দনবাইশা জনপদ। যমুনার ভাঙনে এখন গোটা জনপদই বিলীন। জনপদ রক্ষার নামে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে নদীতে। সারা বছর কাজের খোঁজ থাকে না, বর্ষা এলেই নদীতে বালুর বস্তা ফেলার তোড়জোড়।

মাঝি বাসুদেব নমদাস কথা কেড়ে নিয়ে বলেন, ‘দুঃখ-কষ্ট হামাকেরে বন্ধু। এক দিন ভাত জুটলে তিন দিন অনাহারে থাকতে হয়। হামরা সাহায্য চাই না। শেখের বেটির কাছে হামাকেরে একটায় অনুরোধ, নদীভাঙনে বিলীনের পথে চন্দনবাইশাসহ আশপাশের ১৮টি গ্রামের মানুষকে সরকারিভাবে পুনর্বাসন করা হোক। আবাসহারা মানুষজনের জন্য আশ্রয়পল্লিতে একটা করে ঘর বরাদ্দ দেওয়া হোক।’

জামথৈল চরের আফাজ উদ্দিন মোল্লা বলেন, ‘বর্ষাত দুর্গম চরে হামরা পানিবন্দী থাকি। বাজারঘাট সবকিছুই করা যায় না। আবার শুকনো মৌসুমে চরে ফসল আবাদ করেও গঞ্জে নিতে খুব কষ্ট হয়। শেখের বেটির কাছে হামাকেরে একটায় দাবি, জামথৈল ঘাট থেকে মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে ফেরি সার্ভিস চালু করা হোক।’

চর ঘাগুয়ার শাজাহান শেখ বলেন, ‘চরে স্কুল-কলেজ নাই। হাসপাতাল-ক্লিনিক নাই। বর্ষাকালে বাড়িঘরে পানি উঠলে আশ্রয়কেন্দ্রে ওঠার উপায় নাই। বাঁধের ওপর গরু-ছাগল, ছোট ছোট বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে মাসের পর মাস কাটাতে হয়। হাতে কাজ থাকে না। দুর্গম চরে ত্রাণ পৌঁছায় না। চরে ফসল আবাদ করলেও দাম মিলে না। শেখের বেটির কাছে হামরা ত্রাণ সাহায্য চাই না। হামাকেরে দাবি, চরের মানুষের ভালোভাবে বাঁচার সুযোগ করে দেওয়া হোক। স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ করা হোক। বর্ষাকালের চার মাস থাকার জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হোক। প্রতিটি পরিবারের জন্য খাদ্য–সহায়তা কর্মসূচির ব্যবস্থা করা হোক।

যমুনায় বসতবাড়ি হারিয়ে পাকুরিয়া চর থেকে শোনপচার চরে মহিলা বাঁধে আশ্রয় নিয়েছেন পারুল বেগম। প্রধানমন্ত্রীর কাছে কী চান জানতে চাইলে তিনি বলেন, ‘শেখের বেটি কি হামাকেরে কতা শুনবি। হামরা ত্রাণ সাহায্য চাই না। নদীভাঙন থাকে বাঁচতে চাই। নদীর পশ্চিম পারে সরকার শত শত কোটি টেকা ঢালিচ্চে। বাঁধ বানাচ্চে। কিন্তু পূর্ব পারের চরাঞ্চলের হাজার হাজার মানুষ বসতবাড়ি নদীত হারালেও হামাকেরে কতা কেউ ভাবিচ্চে না। হামরা কি দ্যাশের নাগরিক লই?’

ভাঙনকবলিত জনপদের মানুষ বলছে, একদিকে নদীভাঙন ও বন্যায় প্রতিবছর শতকোটি টাকার সম্পদহানি হচ্ছে, অন্যদিকে নদীতীর রক্ষার নামে শত শত কোটি টাকা নদীতে ঢালা হচ্ছে। এসব অপচয় বন্ধ এবং প্রাচীন জনপদ রক্ষায় পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদী খননের মাধ্যমে নদীর গতিপথ শাসন করা প্রয়োজন। প্রধানমন্ত্রী এসব ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন বলে আশাবাদী যমুনাপারের মানুষ।