নদীভাঙন থেকে স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন
পদ্মার ভাঙনের কবল থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।গতকাল শনিবার সকালে নদীসংলগ্ন ওই বিদ্যালয়ের ভাঙনকবলিত অংশে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক মানুষ অংশ নেয়।উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল হোসেন বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার চার-পাঁচটি গ্রামের কয়েক শ পরিবারের বসতঘর নদীভাঙনের হুমকির মুখে। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার উদ্দিন বলেন, গত মে মাসে ভাঙনরোধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সহায়তার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সামসুদ্দিন বলেন, ওই বিদ্যালয়সহ এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও বসতঘর ভাঙনের কবল থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ভাঙন রোধে এরই মধ্যে ১৪০ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।