নদীভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা এলাকায় মধুমতী নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে ওই এলাকায় আয়োজিত মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, ২০০৭ সালের বর্ষা মৌসুমে মঙ্গলহাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফসলি জমিতে পানি ঢোকে। সেনাসদস্যরা তাৎক্ষণিক বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধ করেন। পরে নদীর তীরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এক কিলোমিটার অংশে নদীর গতিপথ পরিবর্তন করতে ২০০৮ সালে স্পার নির্মাণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, নতুন তৈরি করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদী থেকে মাত্র ৩৫ ফুট দূরে আছে। বর্ষাকাল এলে ওই ভাঙনকবলিত এলাকার আশপাশের মল্লিকপুর, ইতনা, কোটাকোল ও দিঘলিয়া ইউনিয়ন এবং লোহাগড়া পৌর এলাকার ৮০টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ আতঙ্কে থাকে।