নদীভাঙন রোধ ও ত্রাণের দাবিতে মানববন্ধন
তিস্তার ভাঙন রোধ ও ত্রাণের দাবিতে গতকাল রোববার রংপুরে গঙ্গাচড়া উপজেলায় নদীর তীরবর্তী গ্রামে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছেন। এতে ভাঙনের শিকার কয়েক শ মানুষ অংশ নেন।
বেলা একটার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রামে নদীর পাশে মানববন্ধন করা হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাকের, পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হাসান, স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান, কৃষক আমিনুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, ভাঙনে পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অর্ধেক বিলীন হয়েছে। পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদী থেকে ২০ ফুট দূরে রয়েছে।
পাইকান গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ১০ দিনে এ গ্রামের ১০০ পরিবারের বসতভিটা ও প্রায় সাত একর আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধ করা না হলে পুরো গ্রামের আরও ৩০০ পরিবারের ঘরবাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নদী প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে ঠাঁই নিয়েছেন।
নদীভাঙনে আমিনুল ইসলামের পাকা বাড়ি ও এক একর আবাদি জমি বৃহস্পতিবার রাতে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘হামার এলা যাওয়ার রাস্তা নাই। খাবার নাই। কোনটে থাকমো তারও কোনো উপায় নাই।’ কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘৩৩ দোন (প্রায় এক একর) আবাদি জমি এক রাইতোতে নদীত চলি গেলো।’ কৃষক রফিকুল ইসলামসহ আরও ২০-২৫ জন একই ধরনের কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, এবার দুই দফায় বন্যা দেখা দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রক্ষার জন্য স্থানীয় উদ্যোগে বাঁশের পাইলিং করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারিভাবে যা সাহায্য দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম।
আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, নদীভাঙন থেকে গ্রামকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যথাসময়ে উদ্যোগ নেওয়া হলে এই বাঁধটি নদীভাঙনের হাত থেকে হয়তোবা রক্ষা করা যেত।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল সালাম জানান, এই এলাকায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ৫০০ টাকা ও ১০ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।