নদীভাঙন রোধসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজশাহী অঞ্চলের নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আট দফা দাবিতে বিক্ষোভ, ঘেরাও ও সমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। ‘বাঁচাও পদ্মা নদী, বাঁচাও রাজশাহী’ স্লোগান সামনে রেখে গতকাল সোমবার দুপুর ১২টায় নগরের সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পরিষদের উদ্যোগে একটি মিছিল নগরের কয়েকটি সড়ক ঘুরে সপুরায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন, আবদুল মান্নান, দেবাশীষ প্রামাণিক, এন্তাজুল হক, মুনজুর হাসান, জি এম হারুন, আনোয়ারুল আমিন, রুহুল আমিন, বেলাল আহমেদ, কল্পনা রায়, আবেদা রায়হান, তাহেরা খাতুন, শামসুন্নাহার প্রমুখ।
সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘জলবায়ুগত কারণে রাজশাহী অঞ্চলের নদী-নালা, খাল-বিল ও জলাশয়গুলো ধ্বংস হতে চলেছে। নদীভাঙনে রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী থেকে ঈশ্বরদী পর্যন্ত এলাকার মানুষ আজ বিপন্ন। পদ্মার ভাঙনে রাজশাহীর খানপুর ও খিদিরপুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাউবো এসব এলাকা রক্ষায় উদাসীন।’