নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষখালী নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনার বামনা উপজেলার তিনটি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। দুপুর ১২টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের ভাঙনকবলিত পুরোনো লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধন হয়।
বিষখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ রামনা, উত্তর রামনা ও চলাভাঙ্গা গ্রামের বসতভিটা ও কৃষিজমি হারানো সহস্রাধিক মানুষ ওই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান ফেরদৌস তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সাজু, ক্ষতিগ্রস্ত আবুল হোসেন, জাহানারা বেগম প্রমুখ।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ভাঙন রোধ করা না গেলে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ দুই হাজারের বেশি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাঁরা অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ও সরকারের কাছে দাবি জানান।