নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাট ও ছয়টি গ্রাম নদীভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ওই সব গ্রামের বাসিন্দারা। পরে তাঁরা পানিসম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
উপজেলার চর যাত্রাপুর, ঘনেশ্যামপুর, পার্বতীপুর, ফারাজী পাড়া, বলদী পাড়া ও গাড়ুহারা গ্রামের বাসিন্দারা কুড়িগ্রাম জেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির ডাকে এসব কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও কুড়িগ্রাম জেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে যাত্রাপুর থেকে ওই ছয় গ্রামের পাঁচ শতাধিক বাসিন্দা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শাপলা চত্বরে সমবেত হন। বেলা ১১টার দিকে তাঁরা সেখানে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি সফি খান। বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন মাস্টার, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর, অধ্যক্ষ রাশেদুজ্জামান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, যাত্রাপুর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবদুল জব্বার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা বাসদের সমন্বয়কারী মোনাব্বর হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে পানিসম্পদমন্ত্রী বরাবর পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সাহাদৎ হোসেন মাস্টার জানান, আগামী ১৫ দিনের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরণ অনশন ও ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হবে।