নদীভাঙন রোধ ও গ্যাসের দাবিতে ভোলায় আন্দোলন
মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষা ও গ্যাসের সংযোগ দেওয়ার দাবিতে মাসব্যাপী আন্দোলন শুরু করেছে ভোলার মানুষ। গত বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হয়। ভোলা স্বার্থরক্ষা কমিটি এ আন্দোলনের ডাক দিয়েছে।ভোলা স্বার্থরক্ষা কমিটির অঙ্গ বোরহানউদ্দিন উন্নয়ন ফোরামের আহ্বায়ক শিমুল চৌধুরী জানান, চার বছর ধরে মেঘনার তীব্র ভাঙনে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার আয়তন ছোট হয়ে গেছে। প্রতি বর্ষায় ভাঙন আর জলোচ্ছ্বাসে ভোলা সদর ও বোরহানউদ্দিনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কিন্তু ভাঙন প্রতিরোধে সরকারের কোনো নজরদারি নেই। ব্লক না দিয়ে জিও ব্যাগ ফেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পকেট ভারী করছে।শিমুল চৌধুরী বলেন, ‘আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাঙন প্রতিরোধের কাজ করার নিশ্চয়তা চাই। ব্লক ফেলে নদীভাঙন প্রতিরোধ ও শাহবাজপুরের গ্যাস ঘরে ঘরে দেওয়ার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। এর অংশ হিসেবে লিফলেট বিতরণ করছি। একই দাবিতে সোমবার মানববন্ধন করা হবে। ওই দিনই প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে। টানা এক মাস আমাদের এ আন্দোলন চলবে।’