লক্ষ্মীপুরের রামগতিতে হাজার হাজার ভূমিহীন মানুষ দুই দিনের এক সাংস্কৃতিক পদযাত্রায় অংশ নিয়েছে। মেঘনার ভয়াবহ ভাঙন থেকে উপজেলাকে রক্ষা, নদীভাঙনের শিকার লোকজনের পুনর্বাসন ও তাদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র উদ্যোগে রামগতি আঞ্চলিক ভূমিহীন সমিতি এ পদযাত্রার আয়োজন করে। উপজেলার ৫৮০টি ভূমিহীন সমিতির ১০ হাজার সদস্য ওই পদযাত্রায় অংশ নেয়। সোমবার সকালে রামগতি পৌর মাঠে সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন। বিভিন্ন এলাকা ঘুরে গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার মধ্য চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশের মধ্য দিয়ে এই পদযাত্রা শেষ হয়। পদযাত্রা আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবু হানিফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, নিজেরা করির কর্মকর্তা নুরুল ইসলাম সিদ্দিকী, আবদুস সামাদ, মিজানুর রহমান ভূঁইয়া ও ফকরুল আলম। বক্তব্য দেন পৌর কাউন্সিলর মো. বেলাল হোসেন, আঞ্চলিক ভূমিহীন কমিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, চর ডাক্তার গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী রানী দাস প্রমুখ।