নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে সুরমা নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী (বীর প্রতীক), দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফর আলী, মুক্তিযোদ্ধা আবদুল হালিম (বীর প্রতীক), ডেপুটি কমান্ডার মনফর আলী, উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, নুরুল ইসলাম, মনফর আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, দোয়ারাবাজার উপজেলা সদরের পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে পরিষদ ভবনের সামনের পাকা সড়কের বেশ কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য দুই বছর ধরে উপজেলার মানুষ দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো উদ্যোগ নেওযা হচ্ছে না। গত বুধবারও একই দাবিতে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা সদরে মানববন্ধন করেন।