নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম মানববন্ধন করেছে। গতকাল শনিবার মাওয়া ঘাটে এ মানববন্ধন করা হয়।মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয়।মানববন্ধন শেষে সাংবাদিক ফোরামের নেতারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে মাওয়া ঘাটে এক আলোচনায় অংশ নেন। ফোরামের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক স্বপন দাসগুপ্ত, মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এম মিজানুর রহমান খান। বক্তারা ভাঙন রোধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, শিগগিরই ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।