নদীভাঙনে আশ্রয়হীন মমতাজ পেলেন নতুন ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলেশ্বরী নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন মমতাজ বেগমের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন l প্রথম আলো
ধলেশ্বরী নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন মমতাজ বেগমের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন l প্রথম আলো

ধলেশ্বরী নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন মমতাজ বেগমের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল শনিবার প্রথম আলোয় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আশ্রয়ণ প্রকল্পে মমতাজ বেগমের বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সংবাদ প্রকাশিত হয়। গতকালই ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের নির্দেশে মমতাজ বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুজিবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইসমাইল হোসেন লাখিরচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে মমতাজ বেগমের জন্য টিনশেডের একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ ছাড়া মমতাজ বেগমকে জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ও কেরানীগঞ্জ ইউএনওর পক্ষ থেকে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

বৃদ্ধ মমতাজ বেগম থাকার জন্য নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। তিনি বলেন, ‘আমার জন্য বাবা আপনেরা যা করছেন, তা কুনুদিন ভুলতে পারুম না। দুয়া করি আল্লায় আপনেগো ভালো রাখুক।’

কেরানীগঞ্জ ইউএনও বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর মমতাজ বেগম ও তাঁর পরিবারের লোকজন থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মমতাজ বেগমকে শুকনা খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া নদীভাঙনে আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পর্যায়ক্রমে নতুন ব্যারাক নির্মাণ করে দেওয়া হবে। নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ইতিমধ্যে একাধিক পত্র দেওয়া হয়েছে।