জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে গত পাঁচ বছরে যমুনা নদীর ভাঙনে প্রায় এক হাজার পরিবার গৃহহারা হয়েছে। এসব পরিবারের সদস্যরা ভিটা হারিয়ে বিভিন্ন স্থানে ভাসমান জীবন যাপন করছেন। গ্রাম ছেড়ে চলে যাওয়ায় তাঁরা ইউনিয়ন পরিষদের (ইউপি) বা সরকারি সাহায্যও পাচ্ছেন না।
নদীভাঙন-কবলিত এলাকার কয়েকজন বলেন, এসব এলাকায় বসতভিটা, ফসলি জমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, ইউপি ভবন, হাট-বাজারসহ বিস্তীর্ণ জনপদ এখন যমুনার গর্ভে। একসময়ের অনেক জমির মালিক এখন ভূমিহীন। ছিন্নমূল জীবন যাপন করছে কয়েক হাজার পরিবার। এসব পরিবারের সদস্যদের অধিকাংশ বন্যানিয়ন্ত্রণ বাঁধে, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে রাস্তার ওপর ঝুপড়ি তুলে বসবাস করছেন। অনেকেই চলে গেছেন ঢাকার বিভিন্ন বস্তিতে।
মাইজবাড়ী গ্রামের নূর নাহার বেগম (৬০)। পাঁচ বছর আগে যমুনায় সবকিছু হারিয়ে এখন মেলান্দহ উপজেলার চর গোবিন্দ গ্রামে বাস করছেন। গরু-ছাগলসহ প্রায় ১০ বিঘা জমি ছিল তাঁর। তিনি বলেন, ‘আমাগো দুঃখ দেখার কেউ নাই। অন্য জায়গা থেকে আসায় এখানকার চেয়ারম্যান কিছুই দেয় না। যেখানে বাড়িঘর ছিল সেখানকার চেয়ারম্যান ও মেম্বাররাও কিছু দেয় না।’
নোয়ারপাড়া ইউপি সূত্র জানায়, এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় চার হাজার পরিবার বাস করত। গত পাঁচ বছরে ভাঙনের শিকার হয়ে ১ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০টি পরিবার, ২ নম্বরের ১০০, ৪ নম্বরের ২০০, ৮ নম্বরের ৩০০ এবং ৭ নম্বর ওয়ার্ডের ১২০টি পরিবার গৃহহীন হয়েছে। এসব পরিবার এই উপজেলা এবং পাশের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রামে বাস করছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের কাঠমা, কাজলা, মাইজবাড়ী, তারতাপাড়া, নতুনপাড়া, বসেরঘর ও রাজনগর গ্রামের চিহ্নই নেই। সেখানে এখন বালুচর। পাঁচ বছর আগেও এসব এলাকায় মানুষজন ছিল।
মাদারগঞ্জের কয়লাকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনে বসতভিটাসহ সব হারিয়ে নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের ৭০টি পরিবার এ গ্রামে এসে আশ্রয় নিয়েছে। বিভিন্ন লোকজনের জমি বন্ধক নিয়ে তারা ছোট ছোট ঘর নির্মাণ করেছে।
কাঠমা গ্রামের আবদুস ছালাম বলেন, ‘২০১২ সালে নদী সবকিছু নিয়ে আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। গৃহহারা হয়েছেন কয়েক হাজার মানুষ। বর্তমানে যেখানে আছি, সেখানের চেয়ারম্যান বলেন, “তুমরা নোয়ারপাড়ার মানুষ।” আবার নোয়ারপাড়া গেলে বলে, “তুমরা নোয়ারপাড়া ছেড়ে চইলে গেছ।” দুই পক্ষের ধাক্কাধাক্কিতে আমাদের মতো গৃহহারা মানুষ কিছুই পায় না।’
৭৫ বছর বয়সী সোহাগী বেগমের কাজলা গ্রামে সুখের সংসার ছিল। সব হারিয়ে তিনি এখন মেলান্দহের আজিতপুর গ্রামে বাস করেন। তিনি বলেন, ‘খেয়ে না খেয়ে কোনো রকমে জীবন পার করছি। চেয়ারম্যান-মেম্বররা আমাগো কিছুই দেয় না।’
নোয়ারপাড়া ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, পাঁচটি ওয়ার্ডের বেশির ভাগ মানুষের বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ায় সেখানে উন্নয়নমূলক কাজও করা যাচ্ছে না। যেসব পরিবার অন্য গ্রামে বাস করছে, তাঁদের তালিকা করে সাহায্য-সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম এহসানুল হক বলেন, ‘নদীভাঙনে গৃহহারা পরিবারের অন্য উপজেলায় বসবাসের বিষয়টি জানা ছিল না। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খোঁজখবর নিয়ে এসব পরিবারের তালিকা করে অবশ্যই এ উপজেলা থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।’