নদীভাঙনে বিদ্যালয় ঝুঁকিতে, আতঙ্কে চলে পাঠদান
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় পায়রা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় বিদ্যালয়টি ওই নদীতে বিলীন হতে পারে। বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর এলাকায় ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩-৯৪ অর্থবছরে এডিবির অর্থায়নে বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় পায়রা নদীর দূরত্ব ছিল এক হাজার ফুট। কিন্তু নদীভাঙন অব্যাহত থাকায় এক সপ্তাহ আগে বিদ্যালয়ের পুরোনো টিনশেড ঘরটি ভাঙনের কবলে পড়ে। এ সময় ঘরের মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়। নদীভাঙনে বিদ্যালয়ের মূল ভবনের একাংশ দেবে গেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চরম আতঙ্কের মধ্যে ক্লাস করছে। যেকোনো সময় মূল ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষক-অভিভাবকেরা।
এদিকে বিদ্যালয়টি স্থানান্তরের দাবিতে গত শনিবার শিক্ষার্থীরা স্কুল ভবনের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও অংশ নেন। এ সময় তাঁরা অবিলম্বে বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের দাবি জানান।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বলে, ‘আমরা পড়ালেখা করতে চাই। কিন্তু নদী ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয়ের কাছে এসে পড়েছে। বিদ্যালয় নদীগর্ভে চলে গেলে আমরা কোথায়, কীভাবে লেখাপড়া করব।’ নবম শ্রেণির ছাত্র গাজী শাহরিয়ার বলে, ‘নদীভাঙনের আতঙ্কে বিদ্যালয়ে পাঠদানে মন বসে না।’
অভিভাবক গাজী আবুল কালাম বলেন, যারা এখানে লেখাপড়া করছে, তারা অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেলে অধিকাংশ শিক্ষার্থীর লেখাপড়াই বন্ধ হয়ে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল রাজ্জাক মিয়া বলেন, ‘বিদ্যালয় চলাকালীন আমাদের আতঙ্কে থাকতে হয়। বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও সাড়া পাচ্ছি না। এ অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন খান বলেন, ‘নদী যেভাবে ভাঙছে, তাতে বিদ্যালয়টি স্থানান্তর প্রয়োজন। আমাদের পক্ষ থেকে
এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’