নদীভাঙনে বিলীন হচ্ছে সড়ক দুর্ভোগে ২০ হাজার মানুষ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পোনা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলছে কানুয়া-গাজীপুর সড়ক। কয়েক বছর ধরে অব্যাহত নদীভাঙনে সড়কটির আড়াই কিলোমিটার ঝুঁকিতে রয়েছে।
পাঁচ মাস আগে ছোট কানুয়া এলাকায় সড়কের ৫০০ মিটার জায়গা নদীতে ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার চার গ্রামের ২০ হাজার মানুষ।
সরেজমিন দেখা গেছে, ভান্ডারিয়া পৌরসভার কানুয়া গ্রাম থেকে শিকদারহাট সেতু পর্যন্ত সড়কের তিনটি স্থানে সড়ক ভেঙে নদীতে বিলীন হয়েছে। ছোট কানুয়া গ্রামের সরদারবাড়ি এলাকায় সড়কের ৫০০ মিটার জায়গা পোনা নদীতে বিলীন হয়ে গেছে। ওই এলাকার আড়াই কিলোমিটার সড়ক নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। তিন ও চার চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক জমাদ্দার বলেন, কানুয়া-গাজীপুর সড়কটি দুই দশক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে। এরপর আর সড়কটির সংস্কার করা হয়নি। সড়কটি দিয়ে উপজেলার কানুয়া, গাজীপুর, বানাই ও শিংখালী গ্রামের ২০ হাজার মানুষ চলাচল করে। সড়কটির কয়েকটি স্থান নদীতে ভেঙে যাওয়ায় টেম্পো ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। রাতে সড়কটি দিয়ে মোটরসাইকেল ও পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার বলেন, জনস্বার্থে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা প্রয়োজন। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সড়কটি একসময় নদীতে বিলীন হয়ে যাবে।
উপজেলা প্রকৌশলী শাহ আলম চৌধুরী বলেন, সড়কটি সংস্কারের জন্য জনগুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।