নদীভাঙনে বিলীন হতে পারে ৩ হাজার ২২২ হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনবিষয়ক পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর দেশের ৩ হাজার ২২২ হেক্টর জমি নদীভাঙনের কবলে বিলীন হতে পারে। হারিয়ে যেতে পারে ৩২২ হেক্টর জমির বসতভিটা। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পরিচালিত গবেষণায় এসব তথ্য রয়েছে।

গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় যমুনা ও পদ্মার তীর ভাঙনবিষয়ক পূর্বাভাসে এসব কথা বলা হয়। গবেষণার প্রধান সমন্বয়কারী সিইজিআইএসের উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে হাওরের বিপর্যয় নিয়ে পানি বিশেষজ্ঞ ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমের সমালোচনাকে সব সময় স্বাগত জানাই। কিন্তু হাওর নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার বেশির ভাগই ঠিক না। হাওরের বিপর্যয় নিয়ে দেশের কোনো পানি বিশেষজ্ঞ সত্য কথা বলেননি।’

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।