নদীভাঙনে ভোলায় দুই হাজার পরিবার ঘরহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন বেড়ে গেছে। মেঘনা তীরের এসব এলাকায় গত দুই মাসে ভাঙনে দুই হাজার পরিবার বসতঘর ও ফসলি জমি হারিয়েছে। আগামী বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র হবে। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা, চেয়ারম্যানের বাজার, সৈয়দপুর ইউনিয়নের গুপ্তবাজার, দক্ষিণ সৈয়দপুর; বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা, আলীমউদ্দিন বাজার, বাংলাবাজার, দক্ষিণ বাটামারা, পক্ষীয়া, লামছিধলী, উদয়পুর ও হাকিম উদ্দিন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা ভাঙছে। ভাঙনে ঘরহারা দৌলতখান উপজেলার গুপ্তবাজার এলাকার যোগেশচন্দ্র মজুমদার (৫৪) বলেন, ‘কোনো ঢেউ-বান, তুফান কিচ্ছু নাই, ছোডো ছোডো জলের দমা (ঢেউ) মাডির ভেতরেত্তোন খাইয়্যা হোর (ফাঁকা) কইর‌্যালায়। তারপর আচমকা বিশাল এট্টা মাডির চাইন (মাটির বড় একটি অংশ) ঝুপ্পুৎ (হঠাৎ) কইর‌্যা ভাইঙা পড়ে। মনে অয় য্যান মেঘনা কইলজাডা (কলিজা) ছিঁরড়্যা (ছিঁড়ে) লইয়্যা যায়।’ শুধু বাড়ি নয়, পৈতৃক সূত্রে পাওয়া তাঁদের সব ফসলি জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। পাউবোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন জানান, দৌলতখান উপজেলার প্রায় আড়াই কিলোমিটার এলাকায় ব্লক বাঁধ নির্মাণের প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে। এখনো পাস হয়নি। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার ৭ দশমিক ৩০ কিলোমিটার এলাকায় ব্লক বাঁধ নির্মাণ প্রকল্পটি পাস হয়ে গেছে।