নদীভাঙনে রায়গঞ্জে বাজার হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ভাঙনে ধানগড়া বাজার ও নদীর তীরবর্তী এলাকার অনেক বাড়িঘর হুমকিতে পড়েছে।
রায়গঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ এ বাজারের তিনটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বাজারটি রক্ষায় ২০০৪ সালে নদীর পাড়ে পাইলিং করা হয়। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে নদীর পাড় কিছুদিন ধরে ভাঙছে। প্রচণ্ড বৃষ্টিতে এ বছর ভাঙন বেড়েছে। সময়মতো উদ্যোগ নিলে এ অবস্থা হতো না।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, নদীতীরবর্তী ধানগড়া বাজারের ধানহাটা, মধ্যবাজার ও মুরগিহাটায় নদীভাঙন চলছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হওয়ায় ইতিমধ্যে মুরগিহাটার বেশির ভাগ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ধানগড়া বাসস্ট্যান্ড থেকে পুরাতন চৌরাস্তায় যাওয়ার একমাত্র সড়কটি ভাঙনের মুখে পড়েছে। আর এক-দুই হাত ভাঙলেই সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে। মধ্যবাজারে তিন-চারটি দোকানঘর নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ধানহাটায় ভাঙনে পুরাতন কসাইখানা নদীতে চলে গেছে। আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়েছে।
আবদুল মালেক নামের আরেক ব্যবসায়ী বলেন, পানি নিষ্কাশনের জন্য নর্দমা না থাকায় বৃষ্টির পানির তোড়ে বাজারের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ধানগড়া এলাকার বাসিন্দা মোত্তাকিন সরকার বলেন, নদীর ভাঙন কয়েক বছর বন্ধ থাকলেও এবার শুরু হয়েছে। বাড়ির একটি অংশ গতকাল নদীতে চলে গেছে বলে তিনি জানান। এলাকার বাসিন্দা প্রবীণ নূর ভানু বেগম বলেন, ‘নদীর পাড়ের এ বাড়িতে বউ হয়ে আসার পর চোখের সামনে নদীতে অনেক জায়গাজমি ভেঙে যেতে দেখেছি। এখন নিজের বসতঘরটি নদীতে চলে যাওয়ার উপক্রম হয়েছে।’
রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, নদীভাঙনের কবল থেকে সড়কটি রক্ষা করতে জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, ভাঙনের বিষয়টি গুরুত্ব দিয়ে ধানগড়া বাজার ও নদী তীরবর্তী এলাকা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউএনও ফিরোজ শাহ্ বলেন, পিআইও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। এই প্রতিবেদনের ভিত্তিতে বাজার ও বাজারসংলগ্ন এলাকা নদীভাঙনের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।