নদীভাঙনে শতাধিক পরিবার ভিটেছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ তিস্তা নদীর ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের রহমতপাড়া, কামারেরভিটা, ঠাকুরডাঙ্গি এবং মৌলভীপাড়া গ্রামের শতাধিক পরিবার, দেড় শ একর আবাদি জমি ও অনেক গাছপালা বিলীন হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে তিন শতাধিক মানুষ। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও গ্রামবাসী সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে নদীর উত্তরে হরিপুর খেয়াঘাট থেকে ভাঙন শুরু হয়। এরপর রহমতপাড়া, কামারেরভিটা, ঠাকুরডাঙ্গি ও মৌলভীপাড়া ভাঙনের কবলে পড়ে। প্রতিদিন পাঁচ-ছয় ফুট করে এলাকা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পানি কম থাকলেও বিস্তীর্ণ এলাকাজুড়ে ভাঙন চলছে। এ সময় রহমতপাড়া গ্রামের কলেজশিক্ষক তপন সরকার বলেন, ‘স্বাধীনতার পর এই এলাকায় ভাঙন রোধে কোনো কাজই হয়নি। অথচ ভাঙন রোধে স্থানীয় জনগণ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সাংসদ, উপজেলা ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভাঙন রোধের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। নির্বাচিত হলে তাঁদের চেহারা দেখা যায় না।’ কামারেরভিটা গ্রামের কৃষক কাশেম মিয়া (৪৫) বলেন, ‘পাঁচ দিন হলো হামারগরে তিনট্যা ঘর ভাঙ্গি গ্যাচে। হামরা একন কোনটে যামো।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বলেন, ‘এই মুহূর্তে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া না হলে গ্রাম চারটি বিলীন হয়ে যাবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধও থাকবে না। অথচ পাউবোর কর্মকর্তাদের বিষয়টি বারবার জানানোর পরও তাঁরা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।’জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পানি কমে যাওয়ায় হঠাৎ নদীর গতিপথ পরিবর্তন হয়ে গ্রামগুলোতে আঘাত হানায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে এ এলাকায় ভাঙন রোধের কোনো কর্মসূচি নেই। তবে নদীভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন ঠেকাতে প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অনুমোদন এবং অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’