শরীয়তপুর-শিবচর সড়কটি কীর্তিনাশা নদীর ভাঙনে বেহাল হয়ে পড়েছে। সড়কটির শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে। ফাটল ধরে ভাঙনের হুমকিতে রয়েছে আরও ৩০০ মিটার অংশ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড সড়কটি মেরামতের দায়িত্ব নিতে চায় না। ওই এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা শহর থেকে কীর্তিনাশা নদীর তীর ঘেঁষে সড়কটি নির্মাণ করা হয়েছে। জেলা শহর থেকে সহজে শিবচর যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করা হয়।
এ ছাড়া এ সড়ক দিয়ে সদর উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ জেলা শহরে যাতায়াত করে। এলজিইডি ১৫ বছর আগে সড়কটি পাকা করে।
তিন বছর ধরে বর্ষা মৌসুমে সদর উপজেলার রাজগঞ্জ এলাকা নদীভাঙনের কবলে পড়ছে। এতে রাজগঞ্জ বালুর মাঠ থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত¦৩০০ মিটার অংশে ফাটল সৃষ্টি হয়েছে। সড়কটির ৫০ মিটার এলাকা ভেঙে বিলীন হয়েছে। ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে।
এলজিইডি সড়কটি নির্মাণ করায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আবার পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় এলজিইডি সড়কটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না।
রাজগঞ্জ গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, এখন মেরামত না করলে আগামী বর্ষা মৌসুমে সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। সড়ক ভেঙে নদীর পানি জনবসতিতে ঢুকলে মানুষের ক্ষতি হবে।
শরীয়তপুর-শিবচর সড়কের অটোরিকশাচালক আবুল হোসেন বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে আমাদের গাড়ি চালাতে হয়।’ তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান।
রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল তালুকদার বলেন, ‘সড়কটি মেরামত করার জন্য এলজিইডির কর্মকর্তাদের অনুরোধ করেছিলাম। কিন্তু পাউবো নদীভাঙন রোধ না করলে তারা সড়ক মেরামত করবে না বলে আমাদের জানিয়ে দিয়েছে।’
পাউবো শরীয়তপুরের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘সড়কটির মালিক এলজিইডি। তাই এটা রক্ষা করার দায়িত্ব তাদের।’
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘নদীভাঙনের কারণে সড়কটির বেহাল অবস্থা হয়েছে। পাউবো ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করলে আমরা সড়কটি সংস্কার করে দেব। এখন সংস্কার করলে আবার নদীতে বিলীন হবে। এ কারণে আগে পাউবো থেকে ভাঙন রোধ করতে হবে।’