নদীভাঙনে হুমকির মুখে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু
ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি সন্ধ্যা নদীর ভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে সেতু রক্ষা বাঁধের বড় একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। সংযোগ সড়কের ব্লকের ঢালাই দেবে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ করা না গেলে যান চলাচল হুমকির মুখে পড়বে।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খামখেয়ালি ও ঠিকাদারি প্রতিষ্ঠান ধীরগতিতে কাজ করায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। সেতুর নিকটবর্তী মহিষদি গ্রামের মো. নান্টু মিয়া বলেন, ‘একসঙ্গে স্রোতের মধ্যে বালুভর্তি ব্যাগ ফেলা দরকার। কিন্তু কয়েকটি ব্যাগ ফেলে আবার বন্ধ করে দেওয়ায় কোনো কাজ হচ্ছে না।’স্থানীয় বাসিন্দা মো. হোসেন আলী জানান, তিন বছর ধরে সন্ধ্যা নদীর ভাঙনে এই অঞ্চলের অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে সেতু রক্ষা বাঁধের ব্লক নদী ভেঙে নিয়ে গেছে। একই সঙ্গে দুই প্রান্তে সংযোগ সড়কের অনেক স্থান দেবে গেছে। দ্রুত প্রতিরোধব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সংযোগ সড়কের অনেক স্থানে ব্লক দেবে গেছে। এরই মধ্যে সেতুর আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর নদীতে ভেঙে গেছে। ভাঙনের মুখে রয়েছে রাশিদা মোশারেফ একাডেমি, মসজিদ, ফসলি জমি ও অনেক পরিবার।পাউবো জানায়, সেতু এলাকায় ১০৫ মিটার স্থানে দুই কিস্তিতে ১০ হাজার জিও ব্যাগ ফেলার দরপত্র হয়েছে। দরপত্র অনুযায়ী প্রথম কিস্তির পাঁচ হাজারসহ দ্বিতীয় কিস্তির কাজ চলছে। তবে প্রায় চার হাজার ফুট এলাকার ভাঙন তীব্র হওয়ায় ওই এলাকার জন্য একটি প্রকল্প তৈরি করে ঢাকায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান নেছা কনস্ট্রাকশনের মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এলাকার সাধারণ মানুষ অনেক কিছু না বুঝে বলে। আমরা ব্যাগ তৈরি করলেও তা ফেলতে পারি না। ঢাকা থেকে দল এসে দেখে, গুণে ছাড়পত্র দেওয়ার পরই ফেলতে হয়। এসব কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।’নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক কর্মকর্তা বলেন, ‘সেতু এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করলেও আমরা মাত্র ১০৫ মিটার স্থানে জিও ব্যাগ ফেলার অনুমতি পেয়েছি। এখানে প্রায় চার হাজার ফুট স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সেতু এলাকাটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের। তাদের অনুরোধ করা হয়েছে। কিন্তু অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু পাউবোকে দোষারোপ করা ঠিক নয়।’পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, ‘বর্ষায় কাজ বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছে। তা ছাড়া ইচ্ছে করলেই আমরা প্রতিরোধব্যবস্থা নিতে পারি না। যেটুকু স্থানে ব্যাগ ফেলা হচ্ছে, তা-ও পাঁচ সদস্যের টাস্কফোর্স এসে দেখার পর কাজ শুরু করতে হয়। তা ছাড়া তীব্র ভাঙন প্রতিরোধে আমরা একটি প্রকল্প পাঠিয়েছি। ওই প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে।’