নদীভাঙনে হুমকির মুখে সড়ক ও বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ীয়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনার ভাঙনে বিরামপুর-মাদিলাহাট সড়ক ও বাঁধ হুমকির মুখে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ীয়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনার ভাঙনে বিরামপুর-মাদিলাহাট সড়ক ও বাঁধ হুমকির মুখে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীর ভাঙনে বিরামপুর-মাদিলাহাট সড়ক ও বাঁধ হুমকির মুখে পড়েছে। এতে বিরামপুরের সঙ্গে মাদিলাহাট হয়ে ফুলবাড়ীর যোগাযোগ যেকোনো মুহূর্তে বন্ধ ও দুই উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত রোববার সকালে সরেজমিন দেখা গেছে, বিরামপুরের পলিপ্রায়গপুর ও ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে শাখা যমুনা নদী। বন্যা থেকে রক্ষা এবং এ দুই ইউনিয়নের যোগাযোগের জন্য রয়েছে মাটির বাঁধসহ সড়ক। পলিপ্রায়গপুর ইউনিয়নের জোতজয়রাম গ্রাম এবং দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামে মিলনস্থলে নদীটি বাঁক খেয়েছে। নদীর বাঁকে স্রোতের ঘূর্ণন ও ধাক্কার ফলে দ্রুত ভাঙনে প্রায় ৫০ গজ দৈর্ঘ্যের বাঁধ ও সড়কের প্রায় পুরোটাই বিলীন হয়ে গেছে। ভাঙন অংশে প্রায় দুই হাত প্রস্থের সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ ও ছোট যানবাহন চলাচল করছে।
জানিপুর গ্রামের কৃষক আ. গফুর (৬০) বলেন, সত্তরের দশকে নদীটি যে স্থানে বাঁক নিয়েছে, সে স্থান থেকে পূর্ব দিকে ৫০০ মিটার দূর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সত্তরের দশকের পর থেকে নদীর গতিপথ ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আসতে থাকে। জোতজয়রাম গ্রামের হাবিবুর রহমান বলেন, তিন বছর ধরে জানিপুর অংশের বাঁধে প্রবল ভাঙন দেখা দেয়। এ বছর সড়কটির প্রায় এক হাত অংশ বাদ দিয়ে প্রায় পুরো অংশই ভেঙে পড়েছে।

পলিপ্রায়গপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও দৌলতপুর ইউপির চেয়ারম্যান মো. আবদুল আজিজ মণ্ডল প্রথম আলোকে বলেন, বাঁধটি ধসে গেলে বিরামপুরের পলিপ্রায়গপুর, জোতবানি, বিনাইল ও মুকুন্দপুর ইউনিয়নের ১৫টি গ্রাম এবং ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ও কাজিহাল ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হবে। বিরামপুর-মাদিলাহাট সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে করে দুই উপজেলার লক্ষাধিক লোকের চলাচল চরমভাবে বিঘ্নিত হবে।

বিরামপুর এলজিইডির প্রকৌশলী  মাহমুদ জামান বলেন, বিরামপুরের সঙ্গে সহজ যোগাযোগের বিরামপুর-মাদিলাহাট সড়কের মোন্নাপাড়া নামক স্থানে শাখা যমুনা নদীতে সেতুসহ ৩ দশমিক ৫০ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজের দরপত্র হয়েছে। বিরামপুর-মাদিলাহাট বাঁধ ও সড়কটি রক্ষায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি জানান।

জানতে চাইলে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, তিনি ভাঙনের স্থানে পরিদর্শন করে সেটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছেন। সেখানে দ্রুত কাজ হবে বলে সাংসদ জানান।