নদীভাঙনে ১৫ দিনে ৬০০ বাড়িঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের কালুপুর, সোনাডুগি, মুরাদসফুল্লা ও গুপ্তমুন্সি মৌজা ভেঙে মেঘনায় বিলীন হচ্ছে। (ইনসেটে) বাড়িঘর ভেঙে ও গাছ কেটে অন্যত্র নিতে ব্যস্ত নদীপাড়ের মানুষেরা। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
ভোলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের কালুপুর, সোনাডুগি, মুরাদসফুল্লা ও গুপ্তমুন্সি মৌজা ভেঙে মেঘনায় বিলীন হচ্ছে। (ইনসেটে) বাড়িঘর ভেঙে ও গাছ কেটে অন্যত্র নিতে ব্যস্ত নদীপাড়ের মানুষেরা। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

মেঘনার ভাঙনে গত দুই সপ্তাহে ভোলা সদর উপজেলার রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের অন্তত ছয় শ বাড়িঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে এলাকা ছেড়ে চলে গেছে আরও শতাধিক পরিবার।
গত এক মাসে নদীভাঙনে প্রায় সাত কিলোমিটার এলাকার এক হাজারের বেশি বাড়িঘর বিলীন হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, মেঘনার স্রোত ভোলার উত্তরের তীরে সরাসরি আঘাত করছে। চাক ধরে পাড়ের মাটি ও পাকা সড়ক নদীতে ধসে পড়ছে। কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে ও গাছগাছড়া কেটে সরিয়ে নিচ্ছে।
এ সময় এক ব্যক্তি বলেন, ভাঙনের তীব্রতা বেশি থাকায় ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। মানুষ পানির দরে গাছ, পুকুরের মাছ ও মালামাল বিক্রি করছে।
উত্তর ভোলা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক সাঈদ আলী বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে গত এক মাসে দক্ষিণ রাজাপুরের মিজির দোকান থেকে পূর্ব-ইলিশার কালুপুর, সোনাডুগি, মুরাদসফুল্লাহ, গুপ্তমুন্সি মৌজার এক হাজার পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। আর গত ১৫ দিনেই ছয় শতাধিক ঘর বিলীন হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর ভূমিকা নিচ্ছে না। ইলিশা একটি বন্দরের মতো, একে রক্ষা করা জরুরি।
কালুপুর মৌজার বালাবাড়িতে ২৯টি পরিবার। প্রত্যেকের ঘর পাকা। এ বাড়ির তফন খলিফা, সঞ্জীব ব্যাপারী, সাধন স্বর্ণকার, সাগর বালা, দিলীপ বালা, পানেশ্বর খলিফা, সঞ্জয় কর্মকার, রিপন তেলী, ননী গোপাল তেলী, রবীন্দ্র মিস্ত্রী, পবিত্র বালা, মনোহর বালা, চিত্তরঞ্জন বিশ্বাস, শ্রীকৃষ্ণ বালা, রমেশ বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, গণেশ, চন্দন তেলী, কমল বালাসহ ২৯ জনের পরিবার ভাঙনের মুখে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে।
বালাবাড়ির কেশব তাফালি বলেন, প্রতিটি পরিবারের সদস্যরা মুড়ি ভাজা, মিষ্টি বানানো, স্বর্ণকার, দরজি, নরসুন্দরসহ নানা পেশায় জড়িত। কঠিন পরিশ্রমে সবাই সুন্দরভাবে জীবন যাপন করছিলেন। হঠাৎ মেঘনার ভাঙন সব শেষ করে দিল।
বিধান বালা বলেন, ২০ বছর আগে তাঁদের বাড়ি ছিল গাজীপুর। সেখানে ছয়বার ভাঙনের পর ইলিশা এসেছেন। এখন ভাঙা ঘরবাড়ি সরিয়ে ইলিশা বাজারের কাছে রাখছেন। সেখানে যদি কোনো জমি পান তবে ঘর তুলবেন, নইলে নয়।
এলাকাবাসী জানান, ইলিশা লঞ্চঘাট থেকে দক্ষিণ-পূর্বে গুপ্তমুন্সি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় প্রতিদিন বাড়িঘর মেঘনায় বিলীন হচ্ছে। একই ঘাট থেকে উত্তরে দক্ষিণ রাজাপুরের মিজির দোকান পর্যন্তও একইভাবে ভাঙন দেখা দিয়েছে। দক্ষিণ রাজাপুরের জয়নাল আবেদীন, আবদুল গনি মাঝি, আবু তাহের মাঝি, জুনু মাঝিসহ ২২০ জনের বাড়িঘর মেঘনায় বিলীন হয়েছে।
রাজাপুরের মিলন মালতিয়া বলেন, গত বছর দক্ষিণ রাজাপুরের কয়েক হাজার পরিবারের বাড়িঘর মেঘনায় বিলীন হয়। ভেবেছিলেন পাকা ব্লক ফেলে তীর সংরক্ষণের কাজ করবে পাউবো। সময় ঘুরে আবার বর্ষা আসে, ব্লক ফেলার নাম নেই।
পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, ‘ভাঙনের তীব্রতা বাড়ায় জরুরি ভিত্তিতে ২ লাখ ৭৩ হাজার বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ব্লক ফেলে তীর সংরক্ষণকাজের দরপত্র মূল্যায়ন চলছে। আশা করি অক্টোবরে কাজ শুরু হবে।’