নদীভাঙনে ৩৮০টি পরিবার আশ্রয়হীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের রামানন্দপুর গ্রামের সুকুমার সাহার (৬২) একসময়ে গোলাভরা ধান, গোয়ালভরা গরু আর পুকুরভরা মাছ ছিল। স্থানীয় গাজীরহাট বাজারে দুটি পাটের গুদাম, তিনটি আধা পাকা ঘর, ফসলি জমি, যশ-খ্যাতি—সবই ছিল। এখন তিনি পরের জমিতে ঘর তুলে (টিনের ছাপরা) সেখানে থাকেন আর ভ্যান চালিয়ে সংসার চালান। এ ব্যাপারে সুকুমার সাহা চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘সবকিছুই নদীতে গেছে। এখন আমি পথের ভিখারি।’একই গ্রামের তরুলতা (৬৫) বলেন, আমাদেরও তিনটি বড় দোকানঘর, দুটি পাটের গুদাম ও তিনটি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখন থাকি বেড়িবাঁধের ওপর।জানা গেছে, ১৫০ বছরের পুরোনো গাজীরহাট বাজার। নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ও খুলনার দীঘলিয়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী স্থানে এই বাজারের অবস্থান। গত পাঁচ বছরে বাজার ও এর আশপাশে হামিদপুরের চারটি গ্রাম আত্রাই নদীর ভাঙনে বিলীন হতে চলেছে। ইতিমধ্যে বাজারের কমপক্ষে ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ছয়টি পাটের গুদাম, চালকল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। হামিদপুর ইউনিয়নের চারটি গ্রামের ৩৮০টি পরিবার বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে।গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হামিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের বেশির ভাগ অংশ নদীগর্ভে চলে গেছে। পরিষদের কার্যক্রম চলছে বাজারের ছোট্ট একটি ঘরে। বাজারে এখনো প্রায় ৪০০ ছোটবড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তবে ৫০টির মতো স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। জোয়ারের পানিতে বাজারের বেশির ভাগ অংশ জলাবদ্ধ হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবার বেড়িবাঁধ ও আত্মীয়স্বজনের জায়গাসহ অন্যত্র আশ্রয় নিয়েছে।গাজীরহাট বাজার বণিক সমিতির সভাপতি সমর কুমার সাহা বলেন, ‘খরস্রোতা আত্রাই নদীর কারণে গত পাঁচ বছরে বাজারের প্রায় ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ছয়টি গুদামঘর নদীগর্ভে বিলীন হয়েছে। আরও ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। বাজার রক্ষার জন্য অনেকের কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু কেউ এগিয়ে আসেনি।’হামিদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ইউনিয়নের রামানন্দপুর মৌজার বেশির ভাগ অংশ আত্রাই নদী গ্রাস করেছে। ওই মৌজার রামানন্দপুর গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে ১২০টি, ভোমবাগ গ্রামের ৭৬০টির মধ্যে ১৩০টি, বিঞ্চুপুর গ্রামের এক হাজার ২০০টির মধ্যে ৬০টি এবং মাধবপাশা গ্রামের এক হাজারের মধ্যে ৭০টি পরিবার বসতবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, গাজীরহাট বাজার ভাঙন প্রতিরোধে ৫০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প তৈরিসহ নকশাও প্রস্তুত করা হয়েছে। প্রকল্প অনুমোদনসহ অর্থ বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।